১০০ বোয়িং প্লেন কিনছে ইরান
মার্কিন প্লেন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১০০টি প্লেন কেনার চুক্তি করেছে ইরান। এখন শুধু মার্কিন ট্রেজারি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য অপেক্ষা করছে দুই পক্ষ, রবিবার দেশটির গণমাধ্যমে প্রাকাশিত একটি প্রতিবেদনে ইরানের অসামরিক এভিয়েশন সংস্থার প্রধান এমনটা জানান।
ইউরোপের এয়ারবাসের সঙ্গে পাল্লায় বাজার ধরার চেষ্টারত বোয়িংকে এখন পর্যন্ত শুধু ইরানএয়ার আর মুষ্টিমেয় কিছু এয়ারলাইন্সকে তাদের পণ্য উপস্থাপন করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে বছরের শুরুতে অপর প্লেন নির্মাতা এয়ারবাস ২৭০০ কোটি ডলারে মূল্যের ১১৮টি প্লেনের একটি চুক্তি শর্তসাপেক্ষে জেতে, জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন।
চলতি বছর ৬ জুন রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর প্রথমবারের জন্য বোয়িং থেকে প্লেন কিনে ইরান একটি ‘ঐতিহাসিক’ চুক্তি করতে যাচ্ছে। একশ’টি বিমানের চুক্তি খুব শীঘ্রই করা হবে বলে জানায় রয়টার্স।
“ইরানের ২৫০টি যাত্রীবাহী প্লেনের মধ্যে ২৩০টিকেই বদলাতে হবে,” ইরানের অসামরিক এভিয়েশন সংস্থার প্রধান আলি আবেদজাদেহ ইরানের রাষ্ট্রপরিচালিত দৈনিক পত্রিকাকে বলেন। বোয়িংয়ের সঙ্গে ১০০টি প্লেন কেনার একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
মার্কিন ট্রেজারি বিভাগ থেকে অনুমোদন না পাওয়া পর্যন্ত চুক্তি বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময় দেওয়া সম্ভব না বলে আবেদজাদেহ জানান।
তিনি আরও জানান, প্লেন বিক্রিতে চূড়ান্ত অনুমতি পাওয়ার জন্য মার্কিন ট্রেজারি সংস্থাকে বোয়িং থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠানো হয়েছে । “লাইসেন্স পাওয়ার পরই চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হবে দুই পক্ষের মধ্যে”, বলেন তিনি।
অপরদিকে জানুয়ারিতে ইরানএয়ার ২৭০০ কোটি ডলার সমমূল্যের ১১৮টি প্লেন কেনার চুক্তিতে এয়ারবাসের সঙ্গে সম্মতিতে আসে। ওই ক্রয়ে যে পরিমান মার্কিন পার্টস লাগবে তার কারণে ওই চুক্তিটিও মার্কিন রপ্তানী লাইসেন্সের শর্তাধীন ছিল।
