যুক্তরাজ্যে ইন্টারনেটে মন্থরগতি
মন্থরগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের কারণে পিছিয়ে পড়ছে যুক্তরাজ্যের কিছু অংশ। এতে আরও দেখা যায় বিবিসি আই-প্লেয়ার ব্যাবহারের হার মোট জনসংখ্যার অর্ধেক।
এই সম্পর্কে একজন বিশ্লেষক বলেছেন, “এখন প্রশ্ন হচ্ছে, গ্রামাঞ্চল কেন ব্রডব্যান্ডের পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হবে”।
কিংস কলেজ লন্ডন এর একজন গবেষক জানান, অনেক এলাকায় মন্থরগতির ব্রডব্যান্ড ইন্টারনেট থাকার পরেও তারা অল্পমাত্রায় হলেও সকল আধুনিক সেবা পায়।
দেশটির এ সপ্তাহের প্রকাশিত আরেক গবেষণায় দেখা গেছে দক্ষিণ আয়ারশায়র, আরডস এবং আইল অফ উইট এই তিনটি এলাকার মানুষ আই-প্লেয়ার ব্যাবহারে সবচেয়ে পিছিয়ে। তবে এই তালিকায় আরও রয়েছে ইয়র্কশায়ার, নর্থ ডাউন এবং মিডলথিয়ান, জানিয়েছে বিবিসি।
অপেক্ষাকৃত দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের কারণে আই-প্লেয়ার ব্যাবহারে এগিয়ে রয়েছে লন্ডন, গ্লোউচেস্টারশায়ার এবং ব্রিস্টল।
কিংস কলেজ লন্ডন এর সিনিয়র গবেষক ড. নিশান্ত শাস্ত্রি দ্রুতগতির ইন্টারনেট এর প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, “বিবিসির আই-প্লেয়ারের মতো অ্যাপ্লিকেশন ব্যাবহারের জন্য এটা প্রয়োজনীয় ভূমিকা পালন করে। প্রযুক্তির অগ্রগতির কারণে দৈনন্দিন জীবনের সবকিছু ক্রমশ অনলাইনে চলে আসবে। কিন্তু বড় একটি জনগোষ্ঠী এইসব অ্যাপ্লিকেশন ব্যাবহার থেকে বঞ্চিত হবে।”
টেলিকমিউনিকেশন্স পরামর্শক ইয়ান ওয়াট মনে করেন, যেসব এলাকায় ইন্টারনেটের গতি তুলনামূলক কম অর্থাৎ উচ্চগতির ইন্টারনেটের চাহিদা রয়েছে তারা পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি এই অসমতার কারণ হিসেবে উল্লেখ করেন সেইসব এলাকার মানুষের দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়ার জন্য অর্থ ব্যয়ে অনিচ্ছা। যুক্তরাজ্যের প্রায় সব অংশে ব্রডব্যান্ডের খরচ একই হলেও ব্যয় করার সামর্থ্য পরিবারের মানুষের সংখ্যার উপর নির্ভরশীল।
গবেষকদের জরিপে দেখা যায়, ২০১৩ সালের মে থেকে ২০১৪ সালের জানুয়ারির মধ্যে ১৯ কোটি আই-প্লেয়ার সেশনের মধ্যে প্রতি মাসে গড় ব্যাবহারকারীর সংখ্যা ৩.২ কোটি। জরিপে আরও বলা হয়, এই সেবাটি বেছে নেওয়ার কারণ এটা টেলিভিশন লাইসেন্স দ্বারা বিনিয়োগকৃত এবং যুক্তরাজ্যের মধ্যেই সীমাবদ্ধ।
