ফিলিস্তিনি প্রোগ্রামার ইসরাইলের প্রতিষ্ঠানে
ফিলিস্তিন থেকে প্রোগ্রামারদের নিয়োগ দিচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে পরিচালিত হাই-টেক প্রতিষ্ঠান মেলানক্স টেকনোলোজিস।
মার্কিন স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠান নাসডাক (ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সিকিউরিটি ডিলারস অটোমেটেড কোটেশনস)-এর তালিকা অনুসারে ইতোমধ্যে মেলানক্স একটি বড় সংখ্যক আরব প্রোগ্রামারকে ইসরাইল এবং পশ্চিম তীরের রামাল্লা এবং নাবুলাসে নিয়োগ দিয়েছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গাজা থেকেও প্রোগ্রামার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। ফিলিস্তিনের এই ছিটমহল প্রায় এক দশক ধরে সকল প্রকার বাহ্যিক যোগাযোগ বন্ধ অবস্থায় রয়েছে।
সফটওয়্যার প্রতিষ্ঠান এএসএএল টেকনোলজিস গাজার চারজন প্রোগ্রামারকে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে যেগুলো ডেটাবেইজের যোগাযোগ ব্যবস্থা, সেবা এবং কম্পিউটারে ব্যবহৃত হয়। আগামী ছয় মাসের মধ্যে আরও ছয়জনকে নিয়োগদান করা হবে বলেও আশা প্রকাশ করা হচ্ছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী ইয়াল ওয়াল্ডম্যান বলেন, “রামাল্লায় আমাদের অভিজ্ঞতা থেকে আমরা মনে করি একসঙ্গে কাজ করা এবং আমাদের প্রতিবেশীদের সফল করার মত ক্ষমতা আমাদের আছে।”
এদিকে গাজার ইঞ্জিয়ারিং অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী ২০১৫ সালের শেষে গাজার সকল বিভাগ থেকে ১১হাজার এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে ১৬ হাজার নিবন্ধিত প্রকৌশলী ছিলেন।
গাজার একজন জ্যেষ্ঠ প্রোগ্রামার জানিয়েছেন, এলাকাটির প্রায় পাঁচ হাজার মানুষ সফটওয়্যারে কাজ করে। কিন্তু এক গবেষণা অনুসারে, গাজায় ১০৬১ জন প্রকৌশল বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীর মধ্যে ৩৬ শতাংশই বেকার।
অপরদিকে ইসরাইলি প্রতিষ্ঠানগুলো ভারতসহ বিভিন্ন দেশ থেকে কাজের জন্য প্রকৌশলীদের নিয়োগ দিচ্ছে। কিন্তু ফিলিস্তিনিদের একই দক্ষতা আছে এবং তারা একই এলাকার বলে জানান ওয়াল্ডম্যান।
ইতোমধ্যে গাজার চারজন প্রোগ্রামার মেলানক্সে কর্মরত আছে বলে নিশ্চিত করা হলেও তারা এ ব্যাপারে সংবাদাতাদের কোন মন্তব্য করতে রাজী হননি। মেলানক্স জানিয়েছে, অন্য ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গাজাবাসিদের নিয়োগ করছে কিনা সে ব্যাপারে তারা জানেন না। ইসরাইল ও গাজার মধ্যে কৃষিজ পণ্য, সিমেন্ট এবং পেট্রোল ইত্যাদি পণ্য আমদানি রপ্তানি হয়। তবে ওয়াল্ডল্ডম্যান মনে করেন এই বাধা দূর হয়ে যাবে। যেমন ভ্রমণের বাধা অডিও এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে অতিক্রম করা যাবে।
ওয়াল্ডল্ডম্যান বলেন, “এটি দু’দিকের মানুষদের কাছাকাছি আনবে। আমরা যত যোগাযোগ করব তত সহযোগিতা করতে চাইব।”
ইসরাইলের অ্যাডভান্সড টেকনোলোজি ইন্ডাস্ট্রিসের প্রধান কারিন মেয়ার রুবিন্সটেইন ওয়াল্ডল্ডম্যানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “আমি আশা করি এটি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে।”
মেলানক্স ইতোমধ্যে তার ইসরায়েলি কর্মচারীদের মধ্যে ১০ শতাংশ আরব নিয়োগ করেছে। শুধু তাই নয় এটি এএসএএল এর সঙ্গে যৌথভাবে চার বছর ধরে চলা একটি প্রকল্পে পশ্চিম তীরের ৬৮ জনকে নিয়োগ দিয়েছে।
ইসরাইল যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেক জায়ান্ট যেমন ইনটেল, মাইক্রোসফট এবং আইবিএম এর মত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে। সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে তারা নিজেদের প্রতিষ্ঠান শুরু করছে। ব্যাপারটি লক্ষ্য করে ওয়াল্ডল্ডম্যান বলেন, “ফিলিস্তিনে, তারা শিখবে এবং পাঁচ থেকে দশ বছর পর নিজেদের প্রতিষ্ঠান শুরু করবে।”
