শিশুদের উপর পর্নের ক্ষতিকর প্রভাব
অনলাইনে পর্নের সহজলভ্যতা এবং তা দেখার ফলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এর ক্ষতিকর প্রভাব পড়ছে, সম্প্রতি এমনটাই প্রকাশ পেয়েছে যুক্তরাজ্যের এক গবেষণায়। এই গবেষণা অনুসারে তরুণদের অনেকে দুর্ঘটনাবশত আবার অনেকে পর্ন দেখার জন্যই অনলাইনে খোঁজ করে।
বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নতির ফলে জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। এক পলকেই আমরা অনলাইনে যেকোনো কিছু সম্পর্কে জানতে, ছবি বা ভিডিও দেখতে পাচ্ছি। কিন্তু সব কিছুরই ইতিবাচকের সঙ্গে নেতিবাচক দিকও থাকে। অনলাইনের তেমনই এক অভিশাপের নাম ‘পর্নগ্রাফি’।
পর্নের দেখানো ছবি এবং ভিডিও দেখে কিছু কিশোর কিশোরী তাদেরও তেমন আচরণ অনুকরণ করা উচিত বলে মনে করে, জানিয়েছে সিএনএন। পর্ণোগ্রাফিতে যা কিছু দেখানো হয় সেখানে বাস্তব জীবনের যৌন সম্পর্ককেই তুলে ধরা হয় বলে ধারণা করে নেয় তারা। এই গবেষণায় ১১ থেকে ১৬ বছরের কিশোর-কিশোরীদের মধ্যে এক হাজারেরও বেশি জন অংশ নিয়েছে।
মিডলসেক্স ইউনিভার্সিটির গবেষকেরা তরুণদের উপর পর্নের প্রভাব সম্পর্কে জানতে কয়েকটি দল এবং তরুণদের অনলাইন ফোরামের উপর গবেষণা করেছে। তাদের মধ্যে অর্ধেকই জানিয়েছেন যে তারা ১৪ বছর বয়স থেকে পর্ন দ্বারা প্রভাবিত হয়েছে। এদের মধ্যে ৫০ শতাংশই প্রথমে দূর্ঘটনাবশত ‘অশ্লীল ছবি এবং ভিডিও’ দেখেছিল।
এনএসপিসিসি এর প্রধান নির্বাহী পিটার ওয়ানলেস বলেছেন, “অনেক শিশুই পর্নগ্রাফিতে জড়িয়ে পড়ে তাদের লিঙ্গ পরিচয় আবিষ্কার করার মাধ্যম হিসেবে, অন্যরা অনলাইনে অসাবধানতাবশত। মানিয়ে নিতে পারার মত যোগ্যতা আসার আগেই কমবয়সে শিশুদের কাছে পর্ন প্রকাশিত হলে তা খুব ক্ষতিকর হতে পারে।" শিশুদের রক্ষা করতে প্রতিষ্ঠান এবং সরকারের আরও বেশি দায়িত্ব নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
অনলাইনে শিশুরা কী সার্চ করছে তার উপর বিধিনিষেধ প্রয়োগ করা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারের ফলে শিশুরা অনলাইনে কি ব্রাউজ করছে তা দেখে রাখাটা মা-বাবা’র পক্ষেও আগের থেকে বেশি কঠিন হয়ে পড়েছে।
১৩ থেকে ১৪ বছরের ছেলেদের মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি জন পর্নে দেখা আচরণগুলোকেই অনুকরণ করতে চায় বলে জানানো হয়। মেয়েদের থেকে ছেলেদের সংখ্যাই এ ক্ষেত্রে বেশি। শুধু তাই নয় ১১ থেকে ১৬ বছরের ছেলেদের অর্ধেকই পর্নকে বাস্তব বলে মনে করে।
গবেষণা দলের সহ-প্রধান মিডলসেক্স ইউনিভার্সিটির ডক্টর এলিনা মারতেল্লোজ্জো বলেছেন, “যদি ছেলেরা বিশ্বাস করে যে অনলাইন পর্নগ্রাফি বাস্তব যৌন সম্পর্কের ধারণা দেয়, তাহলে এটি তাদের সঙ্গীর কাছ থেকে অনুপযুক্ত প্রত্যাশার দিকে ঠেলে দিতে পারে। মেয়েরাও এমন অবাস্তব আচরণের ব্যাখ্যায় জীবন অতিবাহিত করতে চাপবোধ করতে পারে।”
পর্নের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে যৌন সম্পর্ক বিষয়ে সঠিক শিক্ষা দিতে হবে। সেই সঙ্গে তারা অনলাইনে কি করছে সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে- প্রস্তাব করা হয়েছে গবেষণায়।
বিদ্যালয়ে বয়স অনুসারে যথাযথ যৌন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা উচিত বলে মনে করেন ওয়ানলেস। তিনি বলেন, “অনলাইনে পর্নগ্রাফি এবং শিশুদের অশোভন ছবি পাঠানোর মত সমস্যা মোকাবেলায় বিদ্যালয়ে বয়স অনুসারে যথাযথ যৌন ও সম্পর্কের শিক্ষাদান প্রয়োজন।”
