১ কোটি ৮০ লাখ দিরহামের লাইসেন্স প্লেট
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ-তে অনুষ্ঠিত এক নিলামে ১ কোটি ৮০ লাখ দিরহামের ডাক দিয়ে ‘১’ নাম্বারধারী লাইসেন্স প্লেট নিজের জন্য নিশ্চিত করেছেন আরিফ আল জারাউনি নামের এক ব্যাক্তি, জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার।
১৮ জুন ওই নিলামের বিজয়ী জারাউনি জানান, তিনি যেকোনো মূল্যে বিশেষ এই প্লেট কিনতে চাচ্ছিলেন।
“আমি লাইসেন্স প্লেটের এই নিলামে এসেছিলাম শুধু ১ নাম্বারটিই জেতার জন্য। আমি সব সময় প্রথম স্থানে থাকতে চাই।", বলেন, জারাউনি।
নিলামে বিশেষ ওই নম্বর প্লেটটির ডাক ১০ লাখ দিয়ে শুরু হয়ে কয়েক মিনিটের মধ্যেই শেষ হয় ১ কোটি ৮০ লাখে। এক্ষেত্রে নিলামের অর্থ এবং সময় বিবেচনা করলেই নিলাম সভার উত্তেজনা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
রাজ্যের অর্থায়নের জন্য আয়োজিত ওই নিলামে ১৩৪০ জন নিবন্ধিত নিলাম ডাককারী উপস্থিত ছিলেন। বাকি চড়া ডাকগুলো ‘১২’, ‘৭৭৭’, ‘৯১১’ আর ‘৯৯৯৯৯’ নাম্বারধারী লাইসেন্স প্লেটগুলোর জন্য ছিল। আপাতত নতুন লাইসেন্স প্লেটটি বিক্রির কোনো পরিকল্পনা নেই জারাউনির।
সংযুক্ত আরব আমিরাতের আরেকটি রাজ্য আবু ধাবিতে ‘১’ নাম্বারধারী লাইসেন্স প্লেটটি ২০০৮ সালের একটি নিলামে ১ কোটি ৪৫ লাখ ডলারে বিক্রি হয়।
