হাইব্রিড ট্রেইন বানাচ্ছে সিমেন্স
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ওয়েস্ট পাম বিচ পর্যন্ত দ্রুতগতিসম্পন্ন ডিজেল-ইলেক্ট্রিক হাইব্রিড ট্রেন বানাচ্ছে জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান সিমেন্স।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার জানিয়েছে, কামিন্স কিউএসকে৯৫ ইঞ্জিনযুক্ত এই ট্রেইনটি ঘন্টায় সর্বোচ্চ ১২৫ মাইল গতিতে চলতে পারবে। বেসরকারি দ্রুত গতিসম্পন্ন পরিবহন সংস্থা ব্রাইটলাইন-এর মালিকানাধীন এই ট্রেইনটি ফ্লোরিডার মায়ামি সমুদ্রসৈকত থেকে ফোর্ট লডারডেল হয়ে ওয়েস্ট পাম বিচ পর্যন্ত চলবে।
ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ার স্যাক্রেমেন্টোতে ৬ লাখ বর্গফুট জায়গা নিয়ে ট্রেইনটি তৈরির কাজ করছে সিমেন্স কর্মীরা।
ব্রাইটলাইন-এর প্রেসিডেন্ট মাইকেল রেইনিংগার বলেন, "ডাউনটাউন মায়ামি এবং ফোর্ট লডারডেলকে ত্রিশ মিনিটের রাস্তায় সংযুক্ত করার ব্যাপারটি যাতায়াতের ক্ষেত্রে আমাদের ধারণাকেই পাল্টে দেবে।"
ফ্লোরিডা ছাড়াও ইলিনয়, ক্যালিফোর্নিয়া, মিশিগান, ওয়াশিংটন, মিসৌরি এবং মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জন্য মোট ৬৯টি ডিজেল-ইলেক্ট্রিক ট্রেন বানাতে যাচ্ছে সিমেন্স। মার্কিন দৈনিক সান সেন্টিনেল-এর দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরের মধ্যেই ব্রাইটলাইনের ট্রেইনগুলো যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে, এবং ২০১৭ সালের শেষভাগের মধ্যেই এই রেলব্যবস্থা অরল্যান্ডো পর্যন্ত বর্ধিত করা হবে।
এ বছরই প্লেন নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস-এর সঙ্গে চুক্তির মাধ্যমে হাইব্রিড যান তৈরিতে প্রথমবারের মত আগ্রহ প্রকাশ করে সিমেন্স। এয়ারবাস-এর সঙ্গে হাইব্রিড-ইলেকট্রিক প্লেন তৈরিরও পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
