বিতর্কের মুখে এফবিআই প্রকল্প
সম্প্রতি মানুষের চেহারা শনাক্তকরণে নতুন একটি প্রোগ্রাম চালু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও)-এর দেওয়া তথ্য অনুসারে নতুন এই প্রোগ্রামটির মাধ্যমে ৪১ কোটি ১৯ লাখেরও বেশি চেহারা, ড্রাইভিং লাইসেন্স, ভিসা এবং পাসপোর্টের তথ্যাবলি চিহ্নিত করা যাবে। কিন্তু এর নির্ভূলতা নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে এফবিআই।
সরকারি নজরদারি সংস্থার এক প্রতিবেদনে তারা এফবিআই-এর এই চেহারা শনাক্তকরণ প্রোগ্রামটির স্কেলকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে, জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনটিতে এর সমালোচনাও করেছে সংস্থাটি। সংস্থাটি জানায়, এফবিআই-এর এই প্রোগ্রামটি তাদের ফেডারেল প্রাইভেসি অ্যাক্ট ১৯৭৪ অনুসারে গোপনীয়তা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে তথ্য সরবরাহ করছে না। এই ব্যবস্থাটির নির্ভুলতা যথাযথভাবে পরীক্ষিত নয় বলেও মত প্রকাশ করা হয়।
প্রতিবেদনটিতে প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে যে এফবিআই-এর ফেসিয়াল অ্যানালিসিস, কম্প্যারিজন অ্যান্ড ইভোলিউশন (এফএসিই) নামে একটি অভ্যন্তরীণ অংশও রয়েছে।
এ ছাড়াও এফবিআই এর নেক্সট জেনারেশন আইডেন্টিফিকেশন (এনজিআই) তথ্যকেন্দ্রে প্রায় তিন কোটি মাগশট এবং অসামরিক ছবি আছে। সেখান থেকে এফএসিই অন্য ফেডারেল ও স্টেট তথ্যকেন্দ্রে জমাকৃত ছবি খুঁজতে পারে।
এটি ডিপার্টমেন্ট অফ স্টেট-এর তথ্যকেন্দ্রে থাকা ১৬টি অঙ্গরাজ্যের পাসপোর্ট, ভিসা ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য ব্যবহার করতে পারে। বর্তমানে অতিরিক্ত ১৮টি অঙ্গরাজ্যের তথ্যকেন্দ্রে অ্যাকসেস পাওয়ার বন্দোবস্ত করছে এফবিআই।
গত মাসে এফবিআই জানতে চেয়েছিল এটির তথ্যকেন্দ্র প্রাইভেসি অ্যাক্টের কিছু অংশ থেকে মুক্ত কিনা। এনজিআই প্রোগ্রামটি আঙ্গুলের ছাপ ও আইরিশ স্ক্যানের মতো বায়োমেট্রিক তথ্যও সংগ্রহ করে।
জিএও অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেছে, এফবিআই-এর গোপনীয়তা প্রতিবেদনটি কেন প্রকাশ করা হয়নি সে সম্পর্কে খোঁজ নিতে। এ ছাড়াও এফবিআইকে সিস্টেমটির নির্ভূলতা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর উত্তরে ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছে, কোনো ছবি সম্ভাব্য মিলে যাওয়া হিসেবে ফেরত আসলেই সেটাই ইতিবাচক পরিচিতি হিসেবে গ্রহণ করা হয় না এবং সেটি তাদের গ্রেফতারী পরোয়ানার জন্য পর্যাপ্ত নয়। এটি কেবল ‘তদন্ত পরিচালনা’ এর জন্য ব্যবহৃত হয়।
মিনেসোটা’র সিনেটর আল ফ্র্যাঙ্কেন এর অনুরোধে জিএও-এ তদন্ত শুরু করেছে তদন্তকারী দল। এক বিবৃতিতে ফ্র্যাঙ্কেন বলেছেন, “ চেহারা চিহ্নিতকরণ প্রযুক্তি একটি নতুন এবং ক্ষমতাসম্পন্ন ব্যবস্থা যা আইন প্রয়োগকারীর জন্য বড় দায়িত্ব বহন করে। কিন্তু আমরা যদি এর নির্ভূলতা এবং অপব্যবহার প্রতিরোধ নিশ্চিত না করি তাহলে আমার মনে হয় নিরপরাধ মার্কিনিদের অসাবধানতাবশত অপরাধীর তদন্তে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।”
