সাত ডলারেই সার্ভারে প্রবেশাধিকার!
অপরাধীদের জন্য নামমাত্র অর্থের বিনিময়ে বিশ্বব্যাপী ব্যাপক আকারে সাইবার আক্রমণ চালানোর সুযোগ করে দিচ্ছে একটি আন্ডারগ্রাউন্ড মার্কেটপ্লেইস। নিরাপত্তা বিশেষজ্ঞেরা সম্প্রতি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
বুধবার মস্কোভিত্তিক ক্যাসপারস্কি ল্যাবের গবেষকেরা জানান, এক্সডেডিক নামের এ মার্কেটপ্লেসটি রাশিয়ান ভাষাভাষী একটি দলের অধীনে পরিচালিত। এতে ১৭৩টি দেশের সরকারি ও বেসরকারি ৭০ হাজারেরও বেশি সার্ভারে অবৈধভাবে প্রবেশাধিকার পাওয়া যাচ্ছে। এ ছাড়াও এতে তাৎক্ষণিকভাবে আক্রমণ চালানোর সুবিধার্থে নানা সফটওয়্যার ও ফিচার রয়েছে এবং মাইক্রোসফট উইন্ডোজের জন্য টেকনিকাল সাপোর্টে ব্যবহৃত ডেস্কটপ সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে বলেও জানান তারা।
ক্যাসপারস্কি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের পরিচালক কস্টিন রাইয়ু জানান, সর্বনিম্ন সাত ডলার থেকে এই বিকিকিনি শুরু হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ ডলার পর্যন্ত নেওয়া হয়। মার্কেটটির স্বত্বাধিকারীরা ট্রেডিং অ্যাকাউন্টে জমা অর্থের পাঁচ শতাংশ ফি নিয়ে থাকে। এতে পুরোনো ও চুরি যাওয়া ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হতে পারে বলেও জানান তিনি।
রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "চুরি যাওয়া তথ্যের ব্যাপারটি এ সাইবার অপরাধ ব্যবসার শুধুই একটি দিক। বাস্তবে এটি অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবং এ ব্যাপারগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে।"
রাইয়ু জানান, হাই-প্রোফাইল টার্গেটগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অ্যারোস্পেস প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স, কাজাখস্তান, জর্ডান, ঘানা, সাইপ্রাস, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরবের বিভিন্ন ব্যাংক, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের কেমিক্যাল ফার্ম এবং চীন ও আরব আমিরাতের তেল বিক্রেতা প্রতিষ্ঠান। তবে তিনি প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশে অস্বীকৃতি জানান।
তিনি আরও বলেন, ইউরোপের এক ইন্টারনেটভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান এক্সডেডিক সম্পর্কে ক্যাসপারস্কিকে অবহিত করে। তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি। এ ছাড়াও বিভিন্ন দেশের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানায় ক্যাসপারস্কি।
