দিদি ছুসিংয়ে বিনিয়োগ বাড়ছেই
৭৩০ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে চীনা অনলাইন যানবাহন সেবাদাতা প্রতিষ্ঠান দিদি ছুসিং। মার্কিন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল-এর কাছ থেকে একশ' কোটি ডলার-এর বিনিয়োগ নেওয়ার এক মাসের মাথায় এ খবর জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই বিনিয়োগে ৪৫০ কোটি ডলার আগের বিনিয়োগকারীরাই বিনিয়োগ করেছেন। মার্কিন অনলাইন যানবাহন সেবাদাতা প্রতিষ্ঠান উবারের চীনে প্রবেশের পর থেকেই শুরু হয়েছে দিদির 'আত্মরক্ষার' চেষ্টা, ভাষ্য রয়টার্স-এর।
চায়না মার্চেন্টস ব্যাংক ২৫০ কোটি ডলারের 'সিন্ডিকেট লোন' এর চুক্তি করেছে। সিন্ডিকেট লোন ঋণ ব্যবসায়ের একটি পদ্ধতি যেখানে দুই বা বেশি ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দেয় এবং দুই বা তার বেশি প্রতিষ্ঠান ঋণ নেয় ভিন্ন ভিন্ন শর্তে, যা নিয়ন্ত্রিত হয় একটি ব্যাংকের মাধ্যমে।
বিমা প্রতিষ্ঠান চায়না লাইফ ইন্সুরেন্স দীর্ঘ মেয়াদী ঋণ-এর বিপরীতে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে।
দিদি ছুসিং তাদের বিনিয়োগ সংগ্রহ চালিয়ে যাবে এমনটাই পরিকল্পনা করছে। এর উদ্দেশ্য হল প্রযুক্তিকে উন্নত করা, বড় মাপের ডেটা গবেষণা করা এবং অন্যান্য শাখায় ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া।
মার্কিন ব্যবসায়িক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে জানিয়েছে, দিদি ছুসিং প্রতিষ্ঠানটির মূল্য আড়াই হাজার কোটি ডলারের বেশি ছাড়িয়ে গেছে।
দিদি জানিয়েছে আবশ্যক খরচ বাদে প্রতিষ্ঠানটির কাছে ব্যয় করার মতো অর্থ আছে ১০৫০ কোটি ডলার, যেখানে দিদির প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রতিষ্ঠান উবারের কাছে আছে ১১০০ কোটি মার্কিন ডলার।
