হাইপারলুপ প্রতিযোগিতা: ভবিষ্যতের শুরু
২০১৫ সালের জুনে শুরু হয়েছিল স্পেসএক্স হাইপারলুপ পড কম্পিটিশন নামের প্রতিযোগিতা, এ গ্রীষ্মেই তার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রতিযোগী দলগুলো তাদের প্রোটোটাইপ পডগুলো ক্যালিফোর্নিয়ার হাওথর্ন-এ অবস্থিত স্পেসএক্স-এর টেস্ট ট্র্যাকে পরীক্ষা করে দেখবে। চূড়ান্ত পর্বের নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও জানানো হয়নি, যার ফলে প্রতিযোগী দলগুলোর এই গ্রীষ্মের যে কোনো সময় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। যদিও স্পেইসএক্স-এর ফাঁস হওয়া একটি ইমেইল থেকে ধারণা করা হচ্ছে, প্রতিযোগিতাটি অগাস্টেরই কোনো এক সময় হতে যাচ্ছে, জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার।
এ বছর জানুয়ারিতে টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটিতে স্পেসএক্স হাইপারলুপ পড কম্পিটিশন-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ১১৫টি প্রকৌশলী দলে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী। প্রাথমিক পর্বটির নাম ছিল ডিজাইন উইকএন্ড, যেখান থেকে বাছাইয়ের পর চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছে ৩০টি দল। যদিও ইউনিভার্সিটি অফ টরন্টো-এর দলটি প্রতিযোগিতা থেকে ছিঁটকে যাওয়ায় অংশ নেবে ২৯টি দল।
স্পেসএক্স হাইপারলুপ পড কম্পিটিশনটি হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর পৃষ্ঠপোষকতায় চলমান একটি উৎসাহদায়ক প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলগতভাবে অংশ নেয়। বিষয় ছিল প্রোটোটাইপ তৈরি করে হাইপারলুপ পরিবহনের যন্ত্রের ধারণাটির বিভিন্ন দিক এবং এর যান্ত্রিক সম্ভাবনার বিষয়টি প্রয়োগের মাধ্যমে তুলে ধরা। ধারণা করা হচ্ছে, হাইপারলুপ পডগুলো ঘণ্টায় ৭৬০ মাইল বেগে ছুটতে সক্ষম হবে।
হাইপারলুপ পড কম্পিটিশনে অংশ নেওয়া বিভিন্ন হাইপারলুপ প্রোটোটাইপ এর কিছু এখানে তুলে ধরা হল।
ব্যাজারলুপ
ব্যাজারলুপ তৈরি করেছে ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসন এর শিক্ষার্থীরা। আরও দুইটি দলের সঙ্গে এই দলটিও তাদের ডিজাইনের জন্য পড টেকনিকাল এক্সিলেন্স পুরস্কার জিতে নেয়। এদের ডিজাইনে ব্যবহৃত হয়েছে চৌম্বকীয় উত্তোলন পদ্ধতি। পড ডিজাইনে আরও রয়েছে অতি শক্তিশালী ব্রেক, ইন্ডাস্টি-গ্রেড বৈদ্যুতিক এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, চৌম্বকীয় পরিচালন পদ্ধতি এবং ভার্চুয়াল রিয়ালিটি।
ব্যাজারলুপ
কার্নেগি মেলন হাইপারলুপ
কার্নেগি মেলন ইউনিভার্সিটির হাইপারলুপ টিম-এর পডটি বিদ্যুৎ-চুম্বকীয় আবেশ পদ্ধতি ব্যবহার করে, যার ফলে পডটি শূণ্যে ভেসে থাকে। দলটি একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা ডিজাইন করেছে, যা চৌম্বকত্ব প্রদান এবং অপসারণ করতে পারে, যার ফলে পডটি বেশ শক্তি সাশ্রয়ী।
ডেলফ্ট হাইপারলুপ
নেদারল্যান্ডস-এর ডেলফ্ট ইউইনিভার্সিটি-এর দলটির ডিজাইন করা হাইপারলুপ পডটির নাম ডেলফ্ট হাইপারলুপ। দলটি ছয়জন নিয়ে শুরু করলেও এখন সদস্য সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৩-এ। ডিজাইন উইকএন্ডে ডেলফ্ট পড ইনোভেশন অ্যাওয়ার্ড জিতে নেয়।
ডেলফ্ট হাইপারলুপ
গ্যাটরলুপ
ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার দলটি তৈরি করেছে গ্যাটরলুপ। এই দলে রয়েছে আন্ডারগ্রাজুয়েট এবং গ্রাজুয়েট শিক্ষার্থীরা। তিনজন ইঞ্জিনিয়ারসহ এই দলটিতে সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতি রয়েছে।
হাইপারলুপইউসি
হাইপারলুপইউসি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ সিনসিনাটি-এর দলটি। তারা ‘মডিউলার’ ডিজাইন তৈরি করেছে, যা হুভার ইঞ্জিনের মাধ্যমে শূণ্যে ভাসমান অবস্থায় থাকে।
হাইপারলুপইউসি
কেইও আলফা
কেইও আলফা পডটি তৈরি করেছে কেইও ইউনিভার্সিটি থেকে আসা দলটি। এটি জাপান থেকে আসা একমাত্র দল, যা চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করবে।
লেহাই হাইপারলুপ
লেহাই’স ইউনিভার্সিটি এর প্রকৌশল, কলা এবং বিজ্ঞান, এবং ব্যবসা এবং অর্থনীতি অনুষদের মোট ১৫০ জন শিক্ষার্থী দ্বারা গঠিত দলটি তৈরি করেছে লেহাই হাইপারলুপ পড। এই দলটির পড ডিজাইনটি প্রতিবন্ধীদের জন্য অবারিত। আরও রয়েছে জরুরী ব্রেকিং সিস্টেম। এতে খুব সহজেই বিভিন্ন অংশ খুলে ছোট-খাটো ত্রুটি সংশোধন করা সম্ভব।
লেহাই হাইপারলুপ
এমআইটি হাইপারলুপ
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর দলটি ইতোমধ্যেই তাদের এমআইটি হাইপারলুপের একটি ছোট মডেল তৈরি করে ফেলেছে এবং ডিজাইন উইকএন্ড এ বেস্ট ওভারঅল ডিজাইন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। তাদের পডটি পরোক্ষ চৌম্বকীয় উত্তোলন পদ্ধতি এবং নিওডিমিয়াম চুম্বক ব্যবহার করে। বিজনেস ইনসাইডার কে দলটি বলে, “আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে একটি নিরাপদ এবং কার্যকর পড ডিজাইনে উচ্চ গতি, ঝাঁকুনিমুক্ত উত্তোলন, পার্শ্বীয় নিয়ন্ত্রণ এবং জরুরী ব্রেকিং প্রযুক্তি প্রদর্শন করা।”
আরলুপ
আরলুপ প্রতিযোগিতায় টিকে থাকা শিক্ষার্থী নয় এমন প্রতিযোগীদের একমাত্র দলটির হাইপারলুপ পড। দলটির সদস্যদের অনির্দিষ্টভাবে বাছাই করা এবং রেডিট এর মাধ্যমে সংগঠিত। জানুয়ারির ডিজাইন উইকএন্ড-এর আগ পর্যন্ত আরলুপ এর কাজ ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে এবং ডিজাইন উইকএন্ড-এ এসে এর নয়জন সদস্যের জীবনে প্রথমবার পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আরলুপ জানায়, এতে এফএএ-এর নীতিমালা অনুসারে তৈরিকৃত প্রেশার ভেসেল ব্যবহার করা হয়েছে।
আরলুপ
আরইউএমডি লুপ
ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড এবং রুটগারস ইউনিভার্সিটি-এর প্রকৌশল এবং পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে তৈরি দলটির নাম আরইউএমডি লুপ। এদের প্রমিথিউস নামের পডটি চৌম্বকীয় উত্তোলন, নিয়ন্ত্রণ এবং ব্রেকিংয়ের জন্য এডি কারেন্ট ব্যবহার করে। এতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে রয়েছে মাল্টি-লিঙ্ক সাসপেনশন ব্যবস্থা।
টিম হাইপারলিফট
টেক্সাসের হিউস্টন-এ অবস্থিত সেইন্ট জন’স স্কুলের ছয়জন হাইস্কুল পড়ুয়া শিক্ষার্থীদের গঠিত দল টিম হাইপারলিফট। তারা চূড়ান্ত প্রতিযোগিতার আগেই একটি সম্পূর্ণ পড নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে, যা একইসঙ্গে যথাসম্ভব হালকা এবং কার্যকরী।
টিম হাইপারলিফট
ইউসিআই হাইপারজাইট
হাইপারজাইট দলটি এসেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে, যার প্রধান লক্ষ্য ব্যস্ততম সময়ের চ্যালেঞ্জগুলোর মোকাবেলা এবং সমাধান করা। দলটির ডিজাইনে পডটি ২৮ জন যাত্রী নিতে এবং বিরূপ আবহাওয়াতেও কাজ করতে সক্ষম। ডিজাইন উইকএন্ড-এ তারাও পড টেকনিকাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতে নেয়।
ইউডব্লিউএম মার্কারি থ্রি
ইউনিভার্সিটি অফ উইসকনসিন-মেলওয়াকি এর দলটির পড ব্যবহার করে চৌম্বকীয় উত্তোলন ব্যবস্থা। যদিও পড এবং ট্র্যাকের মধ্যে সামান্য ঘর্ষণ হয়। রোমান দেবদূত মার্কারির নামে নাম রাখা হয়েছে পডটির। রোমান পুরাণে দেখা যায়, মার্কারি দ্রুত চলার জন্য ডানাওয়ালা জুতা পরত।
ইউডব্লিউএম মার্কারি থ্রি
ভিহাইপার
ভার্জিনিয়া টেক-এর ভিহাইপার দলটি তিনটি দলের মধ্যে একটি, যারা ডিজাইন উইকএন্ড-এ পড টেকনিকাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতেছে। তাদের ডিজাইনটি কোল্ড-গ্যাস সেকেন্ডারি পরিচালন ব্যবস্থা ব্যবহার করছে, যা ভিহাইপার-এর ডিজাইনের অনন্য বৈশিষ্ট্য এবং এটি সর্বোচ্চ গতিতে পৌঁছতে সহায়তা করবে। চূড়ান্ত পর্বে ভিহাইপার-এর মানুষাকৃতির ডামি দিয়ে পরীক্ষা করতে সক্ষম একটি সম্পূর্ণ পড থাকবে।
ডব্লিউএআরআর হাইপারলুপ
ডব্লিউএআরআর হাইপারলুপ দলটি এসেছে জার্মানির টেকনিকাল ইউনিভার্সিটি অফ মিউনিখ থেকে। তদের পড ডিজাইনে থাকছে অন-বোর্ড কম্প্রেসর। এতে আরও থাকছে অতি শক্তিশালী ব্রেকিং ব্যবস্থা, যাতে যাত্রীদের জন্য এটি আরও নিরাপদ হয়।
ডব্লিউএআরআর হাইপারলুপ
ওয়াটারলুপ
ওয়াটারলুপ এসেছে কানাডার অন্টারিও-এর ইউনিভার্সিটি অফ ওয়াটারলু থেকে। তারা তাদের পডটি তৈরি করছে ভিন্নধর্মী উপাদান দিয়ে। মডিউলার ডিজাইন হওয়ার কারণে এর কার্যকারিতাও বেশি হবে। তারা ধারণা করছে, তাদের পডটির মূল্য হবে ৪৮ হাজার মার্কিন ডলার এবং ভর হবে ১৫শ' ৪৩ পাউন্ড।
