২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় বিনিয়োগে জাকারবার্গের দাতব্য প্রকল্প

জনসেবামূলক প্রকল্পে এই প্রথম বড় কোনো বিনিয়োগ করেছেন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক-এর সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এই বিনিয়োগ আফ্রিকার সফটওয়্যার ডেভেলপারদের প্রশিক্ষণ ও নিয়োগ পরিকল্পনার বাস্তবায়ন শুরু করার তহবিল হিসেবে ব্যবহার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিলয় সিদ্দিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 10:03 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

রয়টার্স জানিয়েছে, মার্ক ও তার স্ত্রী প্রিসিলা'র তৈরি প্রতিষ্ঠান ‘দি চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ এলএলসি’ অ্যান্ডেলাতে দুই কোটি ৪০ লাখ ডলারের একটি বি শ্রেণির তহবিল গঠন করেছে।

এই তহবিল গঠনে আরও অংশ নিয়েছে ‘অ্যালফাবেট ইনকর্পোরেটেড জি ভি’, যা পূর্বে ‘গুগল ভেঞ্চার’ নামে পরিচিত ছিল।

অ্যান্ডেলা আফ্রিকার শীর্ষ এক শতাংশ কারিগরি মেধাবীকে বাছাই করে তাদের প্রশিক্ষণ ও প্রকৌশল প্রতিষ্ঠানে তাদের কাজের নিশ্চয়তা দেয়।

বর্তমানে প্রায় দুইশ' প্রকৌশলী নাইজেরিয়া ও কেনিয়ার অফিসগুলোতে কর্মরত আছেন, যারা এই তহবিল ব্যবহার করে ২০১৬ সালের মধ্যে আফ্রিকার তৃতীয় আরেকটি দেশে এই প্রকল্পকে বিস্তৃত করতে কাজ করবেন।

মার্ক জাকারবার্গ একটি বিবৃতিতে বলেন, “আমরা এমন একটি জগতে বাস করি যেখানে প্রতিভা সর্বত্র ছড়ানো, সুযোগ নয়। এই শুণ্যস্থানটি পূরণ করাই অ্যান্ডেলার লক্ষ্য।"

২০১৫ সালের শেষের দিকে যখন প্রথম এই জনসেবামূলক উদ্যোগটি চালু করা হয় তখন জাকারবার্গ বলেছিলেন যে, তিনি তার ফেইসবুকের ৯৯ শতাংশ শেয়ার এতে ব্যয় করবেন।

এই উদ্যোগটি একটি সীমিত দায়ের প্রতিষ্ঠান হিসেবে গঠন করা হয়। যার মানে দাঁড়ায়, প্রথাগত দাতব্য ও জনসেবামূলক সংস্থাগুলো থেকে আলাদা এই প্রতিষ্ঠানটি রাজনৈতিক অনুদান, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ ও আইন প্রণেতাদের প্রভাবিত করার কাজ করবে এবং এইসব বিনিয়োগ থেকে তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

জাকারবার্গ একটি ‘দান প্রতিশ্রুতি’পত্র স্বাক্ষর করেছেন যাতে বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ও পরিবারগুলোকে তাদের জীবদ্দশায় বা উইলে মোট সম্পদের অর্ধেকের বেশি অংশ দাতব্য বা জনসেবামূলক কাজে দান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে আহ্বান করা হয়েছে।