ইসরায়েলি প্রতিষ্ঠানে চীনা বিনিয়োগ
অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি নির্মাতা ইসরায়েলি প্রতিষ্ঠান লুমাস সম্প্রতি দেড় কোটি ডলার অর্থায়ন পেয়েছে। আর এই বিনিয়োগ এসেছে চীনা বিনিয়োগ প্রতিষ্ঠান শান্ডা গ্রুপ আর ফোটো-ইলেকট্রিক উপাদান উৎপাদনকারী আরেক চীনা প্রতিষ্ঠান ঝেজিয়াং ক্রিস্টাল-অপটেক কর্পোরেশন থেকে।
লুমাস তাদের ভোক্তা বাজারের জন্য নির্মিত অপটিকাল প্রযুক্তির উৎপাদন বৃদ্ধির কাজে এই অর্থায়ন ব্যবহার করবে বলে জানিয়েছে রয়টার্স।
বাজার গবেষণা প্রতিষ্ঠান মার্কেটস অ্যান্ড মার্কেটস-এর গবেষণা অনুযায়ী, ২০২২ সালের মধ্যে এই অগমেন্টেড আর মিক্সড রিয়ালিটির বাজারের মূল্য ৮ হাজার কোটি ডলারে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।
ভোক্তা ইলেকট্রনিক্স পণ্য আর স্মার্ট-আইওয়্যার উৎপাদনকারীরা তাদের প্রায় স্বচ্ছ পরিধেয় ডিসপ্লেতে লুমাসের অপটিকাল প্রযুক্তি ব্যবহার করে থাকে। 'স্মার্ট-আইওয়্যার' বলতে চোখে পরিধানযোগ্য স্মার্ট ডিভাইসকে বোঝায়।
লুমাসের প্রযুক্তিগুলোর মধ্যে একটি চোখের ‘গ্লাস লেন্স’ রয়েছে। যা অত্যন্ত চিকন আর স্বচ্ছ প্রতিফলক আর এর সঙ্গে আরেকটি পেটেন্ট করা ছোট প্রজেক্টর রয়েছে, যা লেন্সের ভেতরে চিত্র প্রবেশ করিয়ে থাকে।
