যুক্তরাজ্যের ‘ইইউ ছাড়ার পক্ষে’ ফেইসবুক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক তাদের ব্যবহারকারীদেরকে দেওয়া তালিকা থেকে প্রো-লিভ এবং প্রো-রিমেইন স্ট্যাটাস হালনাগাদ পরামর্শগুলো সরিয়ে ফেলেছে।
এর আগে মঙ্গলবার বার্লিনভিত্তিক ব্রিটিশ রাজনৈতিক ব্লগার জন ওয়ার্থ লক্ষ্য করেন যে তাকে ফেইসবুক ‘ইইউ ত্যাগ করার পক্ষে’ লিখে স্ট্যাটাস হালনাগাদ করার পরামর্শ দিচ্ছে, কিন্তু ‘ইইউ-তে থাকার পক্ষে’ একইরকম কোনো বার্তা নেই। ফেইসবুক জানিয়েছে, গণভোট সম্পর্কিত এই অপশনটি ভোটের স্পর্শকাতরতার কারণে তালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। দুইটি অপশনই দেখা যাবে, যদি ব্যবহারকারী ‘ইইউ’ লিখে অনুসন্ধান করে, জানিয়েছে বিবিসি। ব্রিটিশরা ২৩ জুন যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়নে থাকা-না থাকার বিষয়ে গণভোটে অংশ নেবে।
যখন ফেইসবুক ব্যবহারকারীরা কিছু লিখে পোস্ট করে, তারা কী করছে বা কী অনুভব করছে, তার ওপর ভিত্তি করে অন্যদেরও একই ধরনের পরামর্শ দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে। ওয়ার্থ যখন স্ট্যাটাস হালনাগাদ করার সময় পরামর্শে চোখ বোলাচ্ছিলেন, তখন তিনি ‘ইইউ ত্যাগ করার পক্ষে’ লেখা অপশন দেখতে পান, কিন্তু ইইউতে থাকার পক্ষে কোনো অপশন কিছু খুঁজে পাননি। ফেইসবুকের একজন মুখপাত্র অবশ্য চলমান রাজনৈতিক বিতর্কটিতে ইন্ধন দেওয়ার অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, “যদি কোনো ব্যবহারকারী স্ট্যাটাস টুল ব্যবহার করে ‘ইইউ’ লিখে অনুসন্ধান করে, তিনি ইইউ-তে থাকা বা ত্যাগ করা সম্পর্কিত সব অপশন সম্বলিত একটি তালিকা দেখতে পাবেন। ব্যবহারকারীরা অ্যাকটিভিটি লিস্টে চোখ বোলালে তার বন্ধু এবং অন্যান্যদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি হওয়া তালিকা দেখতে পাবে।”
বিবিসিকে ওয়ার্থ বলেন, “আপনার সমর্থন জানানোর তালিকায় আপনি ‘লিভ.ইইউ’ নির্বাচন করতে পারবেন, কিন্তু কোন প্রো-রিমেইন অপশন বেছে নিতে পারবেন না।” বুধবার সকালেও সমস্যাটি ছিলো বলে নিশ্চিত করেছে বিবিসি। অবশ্য ‘ভোট লিভ’ এবং ‘ব্রিটেইন স্ট্রংগার ইন ইউরোপ’ নামের আনুষ্ঠানিক প্রচারণাদুটির একটিও ওই তালিকায় নেই। এর কারণ হিসাবে অবশ্য ফেইসবুকের দাবি, প্রচারণাদুটির একটিও ‘অলাভজনক প্রতিষ্ঠান’ বিভাগে না থাকায় এমনটা হয়েছে।
ওয়ার্থ বলেন, “আমি জানি না কত মানুষ ফেইসবুকের ওই অপশনটিতে ক্লিক করেছে। এটি হয়ত অনেকেই করেছে, এটি কি ভোটে প্রভাব ফেলতে পারে?” মে মাসে প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট গিজমোডো তাদের ট্রেন্ডিং টপিকস বিভাগে ফেইসবুকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে রক্ষণশীল রাজনৈতিক মতাদর্শ বিষয়ে দমনমূলক আচরণ করার অভিযোগ করে। ফেইসবুক অবশ্য অভিযোগের কোনো সত্যতা নেই বলে বিষয়টি অস্বীকার করে।
