প্রাইভেসি রক্ষায় অ্যাপলের নতুন ধাপ
মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ২০১৬ সালের বাস্তবতায় কোনো সম্মেলন করবে, আর ডিভাইসের প্রাইভেসি নিয়ে নতুন কিছু আনবে না, তা ভাবাটা হয়ত ভুলই হবে।
সম্প্রতি অনুষ্ঠিত হয় ডেভেলাপারদের নিয়ে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলাপার্স কনফারেন্স- এর এবারের আসরে, অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান ও প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিঘি জানান, প্রতিষ্ঠানের বাইরের ডেভেলাপাররা অ্যাপলের মেসেজিং অ্যাপের নিজস্ব সার্ভিস তৈরি করতে পারবেন, এর সঙ্গে জোর দিয়ে জানান, তারা ব্যবহারকারীদের প্রাইভেসিকে সম্মান দেন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকো'র এই সম্মেলনের মঞ্চে তিনি আরও বলেন, “আইওএস ১০-এ সব মহৎ কাজ অর্থহীন হবে যদি তার বিনিময়ে ব্যবহারকারীদের প্রাইভেসি ক্ষতিগ্রস্থ হয়।"
মার্কিন মার্কিন সাময়িকী ফরচুন জানায়, কয়েক বছর ধরে নিজেদের 'প্রাইভেসির রক্ষক' হিসেবে পরিচয় দিয়ে আসছে অ্যাপল। এমনকি এ বছর যুক্তরাষ্ট্রেরে গোয়েন্দা সংস্থা ফেডারেল বুরো অফ ইনভেস্টিগেশন-এর সঙ্গে প্রাইভেসি নিয়ে ‘বড় মাপের’ আইনী বিতর্কে জড়িয়ে যায় অ্যাপল।
ফেডেরিঘি জানান, আইমেসেজ এবং ফেইসটাইমের বার্তালাপগুলোতে ডেটা-স্ক্রামব্লিং এনক্রিপশন রাখা হচ্ছে। এর ফলে 'বাই ডিফল্ট' কোনো বার্তালাপে আড়ি পাতা প্রতিরোধ করা যাবে।
তিনি আরও বলেন, "যখন ডেটা'র উপর কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণ আর গভীরভাবে উন্নত শিক্ষার কথা আসে, তা আমরা ব্যবহার করেছি, আপনার আইফোন আর ম্যাক-এর সিলিকনের অবিশ্বাস্য ক্ষমতা আপনার ব্যক্তিগত ডেটা আপনার নিয়ন্ত্রণেই রেখেছে।"
অন্য কথায়, অ্যাপল ডেটা'র প্রক্রিয়া নিজেরা সম্পাদন করলেও, ডেটা প্রতিষ্ঠানের সার্ভারে না থেকে ব্যবহারকারীদের ডিভাইসেই সংরক্ষণ করা হবে।
