স্প্যাম সম্রাটের আড়াই বছর জেল
ফেইসবুক ব্যবহারকারীদের স্প্যাম ইমেইল পাঠানোর অভিযোগে এক মার্কিনিকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ব্যক্তি বিভিন্ন ফেইসবুক ব্যবহারকারীকে দুই কোটি ৭০ লাখেরও বেশি স্প্যাম মেইল পাঠিয়েছিলেন।
স্যানফোর্ড ওয়েলেইস নামের ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি 'স্প্যাম কিং' নামে পরিচিত। ২০১৫ সালে তিনি ইলেকট্রনিক মেইলের মাধ্যমে প্রতারণা ও অপরাধ কার্যক্রম চালানোর দায়ে মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হন বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাস-এর এই অধিবাসীকে শুধু কারাদণ্ডই নয়, সেই সঙ্গে করা হয়েছে তিন লাখ ১০ হাজার ডলার জরিমানা।
২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে তিনি এই স্প্যাম মেসেজগুলো পাঠান। ২০১১ সালে এ নিয়ে তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তার সম্পৃক্ততা নিশ্চিত করে। মার্কিন অ্যাটর্নির অফিস থেকে বলা হয়, "ওয়েলেইস অবৈধভাবে ফেইসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হাতিয়ে সেগুলো জমা করেছেন এবং ব্যবহারকারীদের অন্য ওয়েবসাইটে 'রিডাইরেক্ট' করার মাধ্যমে অর্থ উপার্জন করেছেন।"
ব্যবহারকারীদের ফেইসবুক অ্যাকাউন্টে অ্যাকসেস নেওয়ার পর ওয়েলেইস তাদেরকে অন্য কৌশলে অন্য ওয়েবসাইট ভিজিট করাতেন। তারপর ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে অ্যাকাউন্টের বন্ধুদেরও স্প্যাম মেসেজ পাঠাতেন।
এভাবে তিনি অর্থ উপার্জন করতেন এবং পরবর্তীতে স্প্যাম মেসেজ পাঠানো অব্যাহত রাখতে ইমেইল অ্যাড্রেসগুলো জমা করতেন।
