২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচেছদের পর ফেইসবুকে নজরদারি নয়

খুব তিক্তভাবে সম্পর্ক বিচ্ছেদের পর কেউ যদি বিভিন্ন সামাজিক মাধ্যমে তার সাবেক সঙ্গীকে অনুসরণ করতে থাকেন, তবে তা 'এখনই বন্ধ করা উচিৎ'। নতুন এক গবেষণায় দেখা গিয়েছে, এর ফলে অনুসরণকারী মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 10:22 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

ফেইসবুকের মতো বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোর বর্তমানে যোগাযোগের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং সঙ্গীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সামাজিক মাধ্যমগুলো অনেক সময় প্রধান মাধ্যম হয়ে উঠছে। তাই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং জুটি বাঁধার ওয়েবসাইটের ছড়াছড়িতে নারী ও পুরুষদের একটি বড় অংশই ইন্টারনেটের মাধ্যমে পরিচিত হচ্ছেন, সম্পর্ক গড়ছেন এবং সে সম্পর্ক বিচ্ছেদও করছেন। বিশেষজ্ঞরা জানান এটি যতই সহজ তত ঝামেলারও বটে। সামান্য অসাবধান হলে ঘটতে পারে নানা মানসিক সমস্যা।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়-এর মনোবিজ্ঞানী তারা মার্শাল বলেছেন, “অংশগ্রহণকারীদের মধ্যে যারা তাদের সাবেক সঙ্গীদের সঙ্গে এখনও ফেইসবুকের বন্ধুত্ব বজায় রেখেছেন, যারা রাখেননি তাদের থেকে নেতিবাচক অনুভূতি, যৌন ইচ্ছা এবং সাবেক সঙ্গীর জন্য আকাঙ্ক্ষা কম হলেও তাদের ব্যক্তিগত বৃদ্ধি কম হয়।”

মার্শাল ৪৬৪ জন অংশগ্রহণকারীর দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যে, সম্পর্ক বিচ্ছেদের পর ফেইসবুকে নজরদারি, বিচ্ছেদের ফলে থাকা মানসিক যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেয়। তার এই গবেষণাটি সম্প্রতি 'সাইবার সাইকোলজি, বিহেভিয়র অ্যান্ড সোশাল নেটওয়ার্কিং' নামের একটি জার্নালে প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, “মোটকথা, এই গবেষণা থেকে ধারণা করা যায় যে, পূর্বের সম্পর্ক থেকে বের হয়ে এসে সামনে এগুনোর ক্ষেত্রে ফেইসবুকে আগের সঙ্গীর প্রভাব বাঁধা হিসেবে কাজ করে।”

এই গবেষণাটির ফলে স্পষ্ট হয়ে উঠেছে যে, সাবেক সম্পর্ক ও বিচ্ছেদের পর অফলাইনে যোগাযোগ, ব্যক্তিত্বের ধরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ বিচ্ছেদের পরবর্তী অবস্থা কী হতে পারে তা ধারণা করতে পারে।

এর আগে একটি গবেষণায় দেখা গিয়েছে ফেইসবুকে নজরদারি উদ্বেগের মাত্রা বৃদ্ধি করে।