২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিজিটাল দক্ষতা’ সংকটে যুক্তরাজ্য

উন্নয়নশীল দেশগুলো যখন ডিজিটাল দক্ষতার উপর ভিক্তি করে এগিয়ে যাচ্ছে তখন যুক্তরাজ্য ভুগছে ডিজিটাল দক্ষতা সংকটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিলয় সিদ্দিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 08:14 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

যুক্তরাজ্যের সংসদ সদস্যদের মতে, ডিজিটাল দক্ষতা সংকটের কারণে দেশটির উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতামুলক ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত দ্রুত সম্ভব এই সমস্যা মোকাবেলা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলেও মত দিয়েছেন তারা।

ডিজিটাল দক্ষতা কী? যুক্তরাজ্যের সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিটি'র মতে, এর একাধিক সংজ্ঞা রয়েছে কিন্তু সাধারণত বলা যায়, কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ক্ষমতা যেন ইন্টারনেট ব্যবহারে সক্ষম হয়, কোড করার ক্ষমতা যার সাহায্যে একটা নতুন সফটওয়্যার তৈরি করতে সক্ষম হওয়া এবং ভাল খারাপের মধ্যে পার্থক্য বুঝে মিডিয়াকে বিচার করতে পারা এবং তাদের পরিসেবা সম্পর্কে মন্তব্য করতে সক্ষম হওয়া-এর বিষয়টিকে ডিজিটাল দক্ষতা বলা চলে।

বিবিসি জানিয়েছে, ধারণা করা হয় যে এক কোটি ২৬ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের ডিজিটাল দক্ষতার অভাব রয়েছে, এর মধ্যে ৫৮ লাখ মানুষ কখনও ইন্টারনেট ব্যাবহার করেননি।

এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ‘ডিজিটাল ব্যবস্থার অদক্ষতা ও পদ্ধতিগত সমস্যা’ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত সুরহা করা প্রয়োজন। এতে আরও বলা হয়েছে, অনতিবিলম্বে সরকারের ডিজিটাল দক্ষতাবিষয়ক নীতিমালা প্রকাশ করা উচিত।

ওই প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজ্যের স্কুলগুলোতে ২২ শতাংশ আইটি সরঞ্জাম অকার্যকর, মাত্র ৩৫ শতাংশ কম্পিউটার বিজ্ঞান শিক্ষকদের এই বিষয়ে যোগ্যতা ছিল, প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বিজ্ঞান শিক্ষকের তুলনায় ৭০ শতাংশ নিয়োগ দেওয়া হয়েছে, ২০১৭ সালের মধ্যে যুক্তরাজ্যে ডিজিটাল দক্ষতা সম্পন্ন সাত লাখ ৪৫ হাজার মানুষ প্রয়োজন, ৯০ শতাংশ কর্মক্ষেত্রে ডিজিটাল দক্ষতা প্রয়োজন আর দক্ষতার অভাবে প্রতিবছর আর্থিক ক্ষতি হয় ছয় হাজার তিনশ' কোটি পাউন্ড।

একবিংশ শতাব্দীতে ডিজিটাল জ্ঞান ছাড়া যুক্তরাজ্যের উন্নতি অসম্ভব বলে মত দিয়েছে এই কমিটি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সরকারের উচিত শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করা।

“যুক্তরাজ্য ইউরোপে প্রযুক্তি জগতে নেতৃত্ব দেয়, সুতরাং এমন কিছু পদক্ষেপ নেওয়া দরকার যেন আমরা সবার থেকে পিছিয়ে না পড়ি। আমাদের এমন এক শিক্ষাব্যবস্থা গড়া উচিত যেখানে স্কুল এবং ইউনিভার্সিটি থেকে বের হওয়া সব শিক্ষার্থীর ডিজিটাল দক্ষতা নিশ্চিত হবে," বলেছেন কমিটির সভাপতি নিকোল ব্ল্যাকউড।

এর জবাবে সরকারের মুখপাত্র বলেছেন, “এই সরকার ডিজিটাল দক্ষতার সমাজ এবং অর্থনীতির উপর প্রভাব সম্পর্কে অবগত রয়েছে। আমাদের ডিজিটাল কৌশল শীঘ্রই প্রকাশ করা হবে এবং অর্থনীতি চাঙ্গা রাখতে কীভাবে প্রতিটি মানুষকে এই জ্ঞানের আওতায় আনা যায় তাও নিশ্চিত করবে। আমরা ইউরোপে নেতৃত্ব দিয়েছি এবং ভবিষ্যতেও নেতৃত্ব দেব। আমরা নির্বাচন কমিটির প্রতিবেদন বিবেচনা এবং যথাসময়ে সাড়া দেব।"