আসছে এক্সবক্স ওয়ান-এর সংস্করণ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস কনভেনশন সেন্টার-এ বার্ষিক ভিডিও গেইম সম্মেলন এবং প্রদর্শনী ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো (ই৩)- তে গেইমিং কনসোল এক্সবক্স ওয়ান-এর একটি পাতলা সংস্করণ প্রদর্শন করেছে প্রযুক্তি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট।
চলতি বছর অগাস্টে `এক্সবক্স ওয়ান এস' নামের এই ভিডিও কনসোল মুক্তি পাবে। এক্সবক্স নির্মাতারা 'প্রোজেক্ট স্করপিও' নামের নতুন একটি কনসোলেরও ঘোষণা দিয়েছে, যেখানে থাকবে ভার্চুয়াল রিয়ালিটি এবং ৪কে গেইমিংয়ের সুবিধা, জানিয়েছে বিবিসি। এর মুক্তির সম্ভাব্য সময় ২০১৭ সালের বড়দিন ধরা হলেও, মূল্য সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দেওয়া হয়নি।
এক্সবক্স ওয়ান এস-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার, যাতে থাকছে আগের চেয়ে উজ্জ্বল এবং আরও বেশি রঙ-সমৃদ্ধ হাই ডায়নামিক রেইঞ্জ (এইচডিআর) গেইমিংয়ের সুবিধা। এই ডিভাইসের ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, এতে ৪কে ডিভিডি এবং ব্লু-রে প্লেব্যাক এর সুবিধা থাকছে। একজন গবেষক অবশ্য মত দিয়েছেন, গেইমাররা এক্সবক্স ওয়ান-এর পরে এতো দ্রুতই আরেকটি নতুন কনসোলের জন্য প্রস্তুত নাও থাকতে পারে। ওভাম-এর গেইম ইন্ডাস্ট্রি গবেষক এড বার্টনের মতে, এরকম ‘মাঝপথেই’ অথবা সম্পূর্ণ নতুন ডিভাইস মুক্তি দেওয়ার আগেই কনসোলের নতুন সংস্করণ বের করাটা অস্বাভাবিক।
ই৩ ইভেন্ট-কে সামনে রেখে তিনি বিবিসিকে বলেন, “আমরা খানিকটা গভীর জলে পড়েছি। বাজার ইতোমধ্যেই পরিপূর্ণ হয়ে থাকার আশংকা রয়েছে।” উল্লেখ্য, জাপাননি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি ২০১৭ সালের শুরুর দিকে তাদের গেইমিং কনসোল প্লেস্টেশন ৪-এর একটি উন্নত সংস্করণ আনতে পারে।
মাইক্রোসফট তাদের আসন্ন ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ‘হলোলেন্স’ নিয়ে অবশ্য কোন মন্তব্য করেনি।
