ফিফা ১৭-এ থাকছে ‘স্টোরি মোড’
ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস নির্মিত সর্বাধিক বিক্রিত ফুটবল ভিডিও গেইম ফিফা-এর পরবর্তী সংস্করণ অর্থাৎ, ফিফা ১৭-তে থাকছে ‘স্টোরি মোড’।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ চলতি বার্ষিক ইথ্রি ভিডিও গেইম এক্সপোয় এক সংবাদ সম্মেলনে ইএ স্পোর্টস এই ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি। এর মাধ্যমে একজন গেইমার এখন মাঠে এবং মাঠের বাইরে একজন ফুটবলারের ক্যারিয়ার নিয়ে খেলতে পারবেন।
যদিও এতে একটা সম্ভাব্য ঝুঁকির আশংকা রয়েছে। প্রতিদ্বন্দ্বী গেইম নির্মাতা প্রতিষ্ঠান ২কে গেইমস এর বাস্কেটবল সিমুলেশন গেইম এনবিএ ২কে ১৬ একই ধরনের একটি সুবিধা নিয়ে বেশ সমালোচিত হয়েছিল। বাজার গবেষক প্রতিষ্ঠান জিএফকে-এর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রে ২০১৫ সালের ফিফা ১৬ প্লেস্টেশন এবং এক্সবক্স, উভয় প্লাটফর্মের ক্ষেত্রেই সর্বাধিক বিক্রিত গেইম ছিল। মার্চে শেষ হওয়া সর্বশেষ অর্থবছরে ইএ স্পোর্টস মোট লাভ করে ১১৬ কোটি মার্কিন ডলার। সে তুলনায় প্রবৃদ্ধির পরিমাণ ৩২ শতাংশ, যা সম্ভব হয়েছে ফিফা ১৬ এবং স্টার ওয়ার্স: ব্যাটলফ্রন্টসহ অন্যান্য গেইমগুলোর সাফল্যের কারণে।
ফিফা ১৭-এ ‘দ্য জার্নি’ নামের একটি স্টোরি মোড থাকছে, যেখানে কেন্দ্রীয় চরিত্র হিসেবে থাকছে অ্যালেক্স হান্টার নামের একজন ফুটবলার। ইএ স্পোর্টসের একটি ইভেন্টে একটি ট্রেইলারে চরিত্রটির পরিবার, একজন এজেন্টের মনোনয়ন এবং আরেকজন ফুটবলারের সঙ্গে দ্বন্দ দেখানো হয়। ট্রেইলারে যদিও দেখানো হয় যে হান্টার ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবর দল ম্যানচেস্টার ইউনাইটেড-এর হয়ে খেলছে, তবে ইএ জানিয়েছে, গেইমারদের অন্যান্য প্রিমিয়ার লিগ ক্লাবেও খেলার সুযোগ থাকছে।
নতুন গেইমটিতে ব্যবহার করা হয়েছে ফ্রস্টবাইট গেইমস ইঞ্জিন, যার ফলে উপভোগ করা যাবে আরও উন্নত গ্রাফিক্স। থাকছে চারজন জনপ্রিয় প্রিমিয়ার লিগ ম্যানেজার হোসে মরিনিয়ো, পেপ গার্দিওলা, আর্সেন ওয়েঙ্গার এবং ইউর্গেন ক্লপ-এর উপস্থিতি। আক্রমণ কৌশল এবং গোল করার পদ্ধতিতেও থাকছে নতুনত্ব।
প্রতি বছরই গেইমারদেরকে ফিফা’র নতুন সংস্করণ কেনার জন্য উদ্বুদ্ধ করাটা ইএ স্পোর্টসের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এক্সবক্স ওয়ান এবং প্লেস্টেশন ৪-এর জন্য গেইম বিক্রিতে কিছুটা সুবিধা পাওয়া গেলেও বর্তমান প্রজন্মের কনসোলগুলোতে অনেক ফিফাভক্তরা ইতোমধ্যেই গেইমটির একটি কপি পেতে যাচ্ছেন। গেইমটির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে জাপানি গেইম নির্মাতা প্রতিষ্ঠান কোনামি’র প্রো ইভোলিউশন সকার, যারা গেইমারদের ফুটবলের আরও ‘বাস্তব’ অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর বলে দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। গেইমসভিত্তিক সংবাদ সাইট কোটাকু’র যুক্তরাজ্য সম্পাদক কেজা ম্যাকডোনাল্ড-এ ব্যাপারে মন্তব্য করেন, “ফিফা নির্মাতারা প্রতি বছর নতুন কিছু করার জন্য বেশ পরিশ্রম করছে, কারণ তারা ইতোমধ্যেই অত্যন্ত চমৎকার সিমুলেশন তৈরি করে ফেলেছে।”
তিনি আরও বলেন, “তারা যা করার চেষ্টা করছে তা হল খেলার নাটকীয়তা আরও বেশি ফুটিয়ে তোলা এবং এটাকে তার থেকেও বেশি মানুষের গল্প হিসাবে দাঁড় করান। তবে এসব বিফলে যাওয়ার সম্ভাবনা অনেক। সাধারণত ভিডিও গেইমের গল্পের মান খুব একটা ভালো হয় না। তবে, তারা ঠিকভাবে কাজ করতে পারলে এতে দারুণ কিছু হতে পারে।”
