গাড়িতে আরও 'কার্যকরী হবে' সিরি
১৩ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড ডেভলাপারস কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-এ ডেভলপারদের জন্য প্রতিষ্ঠানের ভয়েস অ্যাসিসটেন্ট সার্ভিস 'সিরি' উন্মুক্ত করেছে অ্যাপল। অর্থাৎ ডেভলাপররা এখন তাদের অ্যাপে সিরি সহায়তা দিতে পারবেন।
ডেভলাপারদের জন্য সিরি উন্মুক্ত করায় গাড়িতে 'কারপ্লে' প্লাটফর্মে এটি 'বেশ কার্যকর' হবে বলে ধারণা করা হচ্ছে। গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের মাধ্যমে সিরি এখন আরও বেশি অ্যাপ নিয়ন্ত্রণ করতে পারবে, জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন।
অ্যাপলের এমন ঘোষণায় সিরি এখন শুধু তৃতীয় পক্ষের অ্যাপই নয়, গাড়ির নিজস্ব সিস্টেমগুলোও নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ এর মাধ্যমে গাড়ির তাপমাত্রা, রেডিও এবং মিউজিক নিয়ন্ত্রণ করা যেতে পারে। ২০১৭ সালে যে গাড়িগুলো বাজারে আসবে এবং ২০১৬ মডেলের কিছু গাড়িতেও পর্দায় আইফোনের অনুভূতি নিয়ে আসা হয়েছে। সেখানে এখন সিরি'র অন্তর্ভূক্তি শুধুই সময়ের ব্যাপার বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি উন্মোচিত জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান-এর ম্যাক্সিমা ২০১৭ গাড়িতে অ্যাপল কারপ্লে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়াও বিশ্বের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও এখন গাড়িতে 'কারপ্লে' সুবিধা দিচ্ছে। কারপ্লে প্লাটফর্মের মাধ্যমে গাড়িতে আইফোন সংযুক্ত করে গাড়ির পর্দায় আইফোনের অ্যাপ এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়।
ঐ কনফারেন্সে শুধু ডেভলাপারদের জন্যই নয়, প্রথমবারের মতো ম্যাক অপারেটিং সিস্টেমেও আনা হয়েছে সিরি। ম্যাক-এ সিরি উন্মোচনকালে দর্শকরা যখন হাততালিতে মগ্ন, ঠিক এমন সময় ম্যাকে সিরি’র কেমন লাগছে তা জিজ্ঞাসা করে বসেন অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল-এর প্রধান ও প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিঘি। সিরি’র পক্ষ থেকে চটজলদি জবাব আসে-“ভাল।” এতেই থামেনি সে, নিজ প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট-কে একটু খোঁচাও দেয়। “উইন্ডোজের অভাব নিয়ে কোনো অভিযোগ নেই”- যোগ করে সিরি।
