২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তন অ্যাপল টিভি-তেও

শুরু হয়েছে ডেভলাপারদের নিয়ে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সবচেয়ে বড় সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভলাপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)-এর এবারের আসর। শুরুর দিনে অ্যাপল টিভি-এর অপারেটিং সিস্টেম টিভি ওএস-এ নতুন কিছু ফিচার উন্মোচন করেন অ্যাপল টিভি-এর প্রধান এডি কিউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 06:01 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

অ্যাপল টিভিতে যুক্ত করা হয়েছে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি। যার মাধ্যমে সার্চ অপশনকে আরও সমৃদ্ধ করা হয়েছে, এখন সিরি'র মাধ্যমে সহজেই সার্চ করে কনটেন্ট বের করা যাবে। আর সিরি-তে আনা ইউনিভার্সাল সার্চ অপশনের ফলে এখন টিভিওএস-এর এই সংস্করণ থেকে ইউটিউব সার্চ করার সুবিধাও যোগ হচ্ছে। অ্যাপল টিভিতে যুক্ত করা হয়েছে ডার্ক মোড ফিচার, সিনেমা দেখার সময় চাইলে ব্যবহারকারী লাইট অপশন থেকে সরাসরি ডার্ক অপশনে গিয়ে থিয়েটারের অনুভূতি নিতে পারবেন।

টিভি অ্যাপগুলোর ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছে একটি বড় বিরক্তির কারণ হচ্ছে বড় নেটওয়ার্কগুলোর এক একটি অ্যাপে প্রবেশের সময় বার বার লগইন তথ্য দেওয়া। অ্যাপল টিভিতে আনা হয়েছে সিঙ্গল সাইন অন নামের একটি ফিচার। ব্যবহারকারীর আইডি এবং পাসওয়ার্ড শুধু একবার দিয়ে অ্যাপল টিভিতে প্রবেশ করার পরই ব্যবহারকারী আইস্টোর-এর নেটওয়ার্কের সব অ্যাপ ব্যবহার করতে পারবেন, অনুষ্ঠানে এর ডেমোও দেখানো হয়।

সেই সঙ্গে টিভি ওএস-এ আনা হয়েছে লাইভ টিউন-ইন ফিচার। এর মাধ্যমে ইএসপিএন আর ডিজনিসহ নির্দিষ্ট নেটওয়ার্কগুলোতে সিরি-কে আদেশ করেই সরাসরি অনুষ্ঠান দেখা যাবে। যোগ করা হয়েছে ‘মুভি সার্চ বাই টপিক’ নামের ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারী কোন ধরনের সিনেমা দেখতে চান তা সার্চ করতে পারবেন, সম্মেলনে উপস্থাপক তার মেয়ের হাইস্কুল সম্পর্কিত সিনেমা দেখার ইচ্ছার উদহারণ দিয়ে এই ফিচারের বর্ণণা দেন।

এ ছাড়াও অ্যাপল টিভি'র অপারেটিং সিস্টেমে আনা সর্বশেষ সংস্করণগুলোতে থাকছে গেইম কন্ট্রোলার, আইফোন থেকে টিভিতে অ্যাপ ট্রান্সফার (যদি আইডি এক থাকে) করার মতো ফিচার।