আইওএস ১০-এ যত কিছু
আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস-এর নতুন সংস্করণ এনেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকো-তে অনুষ্ঠিত হয় অ্যাপল ডেভেলপারদের নিয়ে অ্যাপলের বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভলাপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)-এর ২০১৬ সালের আসর। এ আসরে আইওএস-এর নতুন সংস্করণ ‘আইওএস১০’ উন্মোচন করেন অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল-এর প্রধান ও প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিঘি।
আইওএস ১০-এ আনা নতুন ফিচারগুলোর মধ্যে প্রথমেই বলা হয়, নতুন ধরনের লকস্ক্রিন আনলকের প্রক্রিয়া। অনেকেই বাটন চেপে তার আইফোনের লকস্ক্রিন আনলক করতে বিরক্ত হন। তারা তাদের আইফোন বা আইপ্যাডটি কেবল একটু উঁচু করে তুললেই এর সংবেদনশীল থ্রিডি টাচ কনট্রোলের জন্য সঙ্গে সঙ্গে স্ক্রিন আনলক হয়ে আলো জ্বলে উঠবে। এতে প্রয়োজনীয় অ্যাপগুলো যেমন ক্যালেন্ডার অ্যাপয়েন্টমেন্ট, আবহাওয়ার তথ্য ইত্যাদি খুব সহজেই লকস্ক্রিনের বামদিকে সোয়াইপ করে পাওয়া যাবে।
অ্যাপলের ‘কম জরুরী’ অ্যাপগুলোকে ব্যবহারকারীর জন্য ঐচ্ছিক বানিয়ে দেওয়া হয়েছে। এই সংস্করণে অ্যাপলের 'ডিফল্ট অ্যাপ', যেমন- স্টকস, মেইল ইত্যাদি মুছে ফেলার ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে চ্যাট করতে গিয়ে ভাব প্রকাশে ইমোজির ব্যবহারটা বেশিই বলা চলে। আইওএস ১০ ব্যবহারকারীকে এখন আর ইমোজি দেওয়ার ক্ষেত্রে তা খুঁজে আনতে হবে না, কেবল শব্দটি লিখলেই তার ইমোজি চলে আসবে। যেমন, কেউ যদি বাস্কেটবল লেখেন, তবে সঙ্গে সঙ্গে বাস্কেটবলের ইমোজি চলে আসবে।
এ ছাড়াও আইমেসেজের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য আদান-প্রদানের সুযোগ দেওয়া ছাড়াও বিল পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। খাবার অর্ডার করা, কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি বিল পরিশোধ করা যাবে আইফোন অ্যাপের মাধ্যমেই। এতে নতুন ভয়েস মেইল ট্রান্সক্রিপশনের ব্যবস্থা রয়েছে। যার ফলে ব্যবহারকারী নাম্বার ডায়াল না করেও ফোন অ্যাপের মাধ্যমে ভয়েসমেইল শুনতে পারবেন।
অ্যাপল অ্যাইফোন ও অ্যাইপ্যাডের সংস্করণের ক্ষেত্রে আইমিউজিক-এর কথা আসবে না তা হতেই পারে না। আইওএস ১০-এ ব্যবহারকারী একদম নতুন ধরনের সফটওয়্যারের জন্য খুব সহজেই নতুন নতুন গান খুব সহজেই খুঁজে পাবেন। অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেবা সিরি পাঁচ বছর ধরে ব্যবহারকারীদের সেবা করলেও এবার তাকে করা হয়েছে আরও উন্নত। ব্যক্তিগত সহায়তাকারী হিসেবে সিরি-কে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী সিরি'র মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো, কোনো কিছুর অর্ডার করা এমনকি উবারও ব্যবহার করতে পারবেন।
এ ছাড়াও আইওএস ১০-এ আছে কোনো কোনো স্থানের উন্নত মানচিত্রের ব্যবস্থা। যেন ব্যবহারকারী নতুন কোনো জায়গায় খুব সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কে খুব অল্প সময়ে খুঁটিনাটি তথ্য পেতে পারেন।
সবশেষে ছিল ফটো মেমোরি অ্যাপের কথা। এই সফটওয়্যার কোনো বিয়ের অনুষ্ঠান বা ঘুরাঘুরিতে তোলা ফটোগুলো একসঙ্গে করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও আকারে প্রকাশ করতে পারে। শুধু তাই নয়, ভিডিওটি আরও বেশি আকর্ষণীয় করার জন্য ব্যবহারকারী নিজের ইচ্ছামতো মিউজিকও ব্যবহার করতে পারবেন।
