‘বিরক্তিকর অ্যাপ’ থেকে মুক্তি দিচ্ছে অ্যাপল
গ্রাহকের চাহিদামতো এবার আইওএস ডিভাইসের বিল্ট-ইন অ্যাপ মুছে ফেলার অনুমতি দিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ১৩ জুন প্রতিষ্ঠানটির বিগ ইভেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-এ এই ঘোষণা দেওয়া হয়।
ওই কনফারেন্সে আইওএসসহ অ্যাপলের অন্যান্য অপারেটিং সিস্টেমে পরিবর্তন আনা হয়। আইওএস অপারেটিং সিস্টেমে পরিবর্তনগুলোর মধ্যে গ্রাহকের সবচেয়ে বেশি আগ্রহ ছিল এর বিল্ট-ইন অ্যাপ মুছে ফেলা।
অনেকের কাছেই আইওএস এর বিল্ট-ইন অ্যাপগুলো বিরক্তিকর। ব্যবহার করা না হলেও এ যাবত অ্যাপগুলো মুছে ফেলা সম্ভব ছিল না। এই অ্যাপগুলোকে অনেক আইওএস ব্যবহারকারীই ‘জাংক ড্রয়ার’ নামে একটি আলাদা ফোল্ডারে রেখে দেন। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপলের এই বিল্ট-ইন অ্যাপের সংখ্যা আরো বেড়েছে।
গ্রাহকের এমন অপছন্দের বিষয়টি বিবেচনা করেই আইওএস-এর নতুন সংস্করণ আইওএস ১০-এ এবার অ্যাপগুলো মুছে ফেলার অনুমতি দিচ্ছে অ্যাপল। অর্থাৎ গ্রাহক চাইলেই ‘কম্পাস’ এবং ‘স্টকস’-এর মত বিল্ট-ইন অ্যাপগুলো পুরোপুরি মুছে ফেলতে পারবেন।
অব্যবহৃত এই অ্যাপগুলো ফোনের পর্দার জায়গা এবং ডিভাইসের স্টোরেজ কমিয়ে দেয়। তবে, অ্যাপল প্রধান টিম কুক জানিয়েছেন, এই অ্যাপগুলো যাতে খুব কম জায়গা নিয়ে থাকে সেভাবেই বানানো হয়েছে। আর সবগুলো অ্যাপ মুছে ফেলা হলেও মাত্র ১৫০ মেগাবাইট জায়গা খালি হবে।
অ্যাপগুলো মুছে ফেলা হলে “এর সঙ্গে সম্পর্কিত ডিভাইস যেমন অ্যাপল ওয়াচের কার্যকারিতায় অথবা তথ্য প্রদানে প্রভাব পড়বে।” বলে জানানো হয়।
অ্যাপলের ওয়েবসাইটে ইতোমধ্যেই যেসকল অ্যাপ মুছে ফেলা যাবে সেটির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ‘ফোন’ এবং ‘মেসেজ’ ছাড়া প্রায় সকল অ্যাপই ওই তালিকায় রয়েছে। অ্যাপগুলো অন্যান্য ফিচারের সংগে সম্পর্কিত এবং অপারেটিং সিস্টেমের গভীরে কাজ করায় এগুলোর দরকার রয়েছে বলেও উল্লেখ করেন কুক।
আইওএস ১০ আপাতত ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হলেও আসছে শরৎকালে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে, জানিয়ছে ইন্ডিপেন্ডেন্ট।
