এবার সিরি উন্মুক্ত ডেভেলপারদের জন্য
নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ সিরি-কে ডেভলাপারদের জন্য উন্মুক্ত করে দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
এর ফলে খুব শিগগিরই হয়তো আইফোন ব্যবহারকারীরা, উবারের মাধ্যমে যাত্রাসেবা নিতে পারবেন বা ভয়েস কমান্ডের মাধ্যমের স্কাইপ থেকে ফোন দিতে পারবেন, ভাষ্য রয়টার্সের।
ডেভলাপারদের নিয়ে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন ডব্লিউডব্লিউডিসি-২০১৬-তে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় অ্যাপল প্রধান টিম কুক জানান, অ্যাপলের অ্যাপ স্টোরে বর্তমানে ২০ লাখেরও বেশি অ্যাপ রয়েছে, যেগুলো ১৩ হাজার কোটিবার ডাউনলোড করা হয়েছে। এর মাধ্যমে ডেভলাপারদের আয় হয়েছে পাঁচ হাজার কোটি ডলার।
সিরি-কে থার্ড-পার্টি ডেভলাপারদের জন্য উন্মুক্ত করে দেওয়ার মানে হচ্ছে, সিরি'র মাধ্যমে অ্যাপল পে আর অ্যাপল ম্যাপ তো ব্যবহার করা যাবেই, অদূর ভবিষ্যতেই অ্যাপল ব্যবহারকারীরা সিরি'র মাধ্যমে অ্যাপলের বাইরের অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন।
সিরি, অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্ষেত্রে সবচেয়ে দৃশ্যমান প্রকল্প। অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মাইক্রোসফট আর অ্যালফাবেট-এর গুগল এ খাতে বড় মাপে বিনিয়োগ করছে, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় অবস্থান জোরালো করতেই প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নিল বলে মত বিশ্লেষকদের।
অন্যদিকে, রয়টার্সে মতে, সিরি নিয়ে অ্যাপলের এমন পদক্ষেপ আগেই বুঝতে পেরেছিলেন বিশ্লেষকরা। আর এই ইভেন্টও বিনিয়োগকারীদের 'খুব একটা ধরতে পারেনি'। অনুষ্ঠানে শুরুর ঠিক আগ মূহুর্তে অ্যাপলের শেয়ারমূল্য ১.১ শতাংশ কমে ৯৭.৬৫ ডলারে চলে আসে বলে জানায় সংবাদমাধ্যমটি।
