২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বদলে গেল ‘ওএস এক্স’

অ্যাপলের ওএস এক্স-এ আনা হয়েছে নতুন আপডেট। আর সেইসঙ্গে যেমনটা আভাস পাওয়া গিয়েছিল, ওএস এক্স আর তার আগের নামে নেই, দেওয়া হয়েছে নতুন নাম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 12:44 AM

Updated : 20 Aug 2022, 12:59 PM

অপেক্ষার পালা শেষে ১৩ জুন, সোমবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকোয় বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়াম-এ শুরু হয় ডেভলাপারদের নিয়ে অ্যাপলের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন ডব্লিউডব্লিউডিসি-এর ২০১৬ সালের আসর। এই আসরে ওএস এক্স-এর সর্বশেষ সংস্করণ ‘ম্যাক ওএস সিয়েরা’র উন্মোচন করেন অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল-এর প্রধান ও প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিঘি।

শুরুতে নতুন এই সংস্করণের অটো-আনলক ফিচারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন ক্রেইগ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাদের অ্যাপল ওয়াচ থেকেও তাদের অ্যাপল কম্পিউটার চালু করতে পারবেন। সঙ্গে আনা হয়েছে ইউনিভার্সাল ক্লিপবোর্ড ফিচার। কী এই ইউনিভার্সাল ফিচার? এর মাধ্যমে এখন যে কোনো অ্যাপল ডিভাইস থেকেই পাওয়া যাবে ব্যবহারকারীর অ্যাপল কম্পিউটার। হাতে থাকা আইফোন থেকে কোনো কিছু কপি করে তা ম্যাকে পেস্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

ম্যাকে আনা হয়েছে অ্যাপল পে সার্ভিসও। আর অ্যাপল পে সার্ভিস এখন আইওএস টাচ আইডি-এর সঙ্গে যুক্ত থাকবে।

নানা জল্পনার অবসান ঘটিয়ে এবার ম্যাকের অপারেটিং সিস্টেমে আনা হয়েছে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেবা সিরি। এই সিরি ম্যাকের সব লোকাল ফাইল খুঁজে বের করতে সক্ষম। উপস্থিত সবার সামনেই সিরি’র সঙ্গে কথা বলেন ক্রেইগ, হলভর্তি দর্শকের করতালির মধ্যেই সিরি তার আদেশ পেয়ে ফাইল খুঁজে এনে দেখায়। সেই সঙ্গে এতে মিউজিক ছাড়া আর ওয়েবে সার্চ করার সুযোগও যোগ সকরা হয়েছে।

সিরি-কে পেয়ে যখন দর্শকদের হাততালিতে ভরে উঠেছে মঞ্চ, ঠিক এমন সময় ম্যাকে সিরি’র কেমন লাগছে তা জিজ্ঞাসা করে বসেন ক্রেইগ। সিরি’র পক্ষ থেকে চটজলদি জবাব আসে-“ভাল।” এতেই থামেনি সে, নিজ প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট-কে একটু খোঁচাও দেয়। “উইন্ডোজের অভাব নিয়ে কোনো অভিযোগ নেই”- যোগ করে সিরি।