২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ড্রোনবিরোধী মানববন্ধন

জার্মানির দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি মার্কিন এয়ারফোর্সের ঘাঁটিকে ঘিরে মানববন্ধনে অংশ কয়েক হাজার মানুষ। মার্কিন ড্রোন ব্যবহার বন্ধ করার আহ্বান জানাতেই এই জনসমাবেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 10:29 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

মার্কিন সাময়িকী ফরচুন-এর দেওয়া প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে অবস্থিত মার্কিন এয়ারফোর্সের ঘাঁটি র‌্যামস্টেইন-এর বিরুদ্ধে এই সমাবেশের শিরোনাম দেওয়া হয়েছে, “স্টপ র‌্যামস্টেইন- নো ড্রোন ওয়ার"। সমাবেশের পক্ষ থেকে বলা হয়, র‌্যামস্টেইন ঘাঁটি যুক্তরাষ্ট্রে বসা অপারেটরদেরকে ড্রোন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। এই ড্রোনগুলো সাধারণত উড়ে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন এবং সিরিয়ার আকাশে। ইউরোপে এই ঘাঁটিকে মার্কিন এয়ারফোর্সের প্রধান ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

পুলিশের মত, তিন থেকে চার হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তবে, মানববন্ধনের আয়োজকরা বলেছেন ছয় থেকে সাত হাজার মানুষ এতে ছিলেন। ঘাঁটির কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সামরিক দ্বন্দ্বের প্রভাবে প্রভাবিত জার্মানিতে ড্রোনের ব্যবহার বিতর্কিত। মানববন্ধনের আয়োজকেরা জানান, র‌্যামস্টেইনের মাধ্যমে ড্রোন চালনার তথ্য সরবরাহ সরাসরি জার্মানির সংবিধান বিরোধী।

মিসাইল ছোড়ার জন্য দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত ড্রোন ব্যবহার করছে মার্কিন সামরিক বাহিনী। আঘাত হানা এবং নজরদারির জন্য দিনদিন বেড়েই চলেছে এর ব্যবহার। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি বছর মে মাসে পাকিস্তানে একটি ড্রোন আঘাতের অনুমতি প্রদান করেন, যাতে তালিবান নেতা মোল্লা আখতার মানসুর নিহত হয়। মার্কিন কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট এখন কাবুলের কিছু লক্ষ্যে ড্রোন হামলার ব্যাপারটি নিরীক্ষণ করে দেখছেন।

সমালোচকদের মতে, ড্রোন অনেকসময় নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়। ড্রোনকে ব্যবহার করা যায় কেবলই যুদ্ধের একটি অংশ হিসেবে। ভূমিতে যুদ্ধরত সৈন্যদের উৎসাহ এবং সাময়িক অব্যহতি দিতেই কেবল ড্রোন ব্যবহার করা যেতে পারে।