২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্ককে 'চিনতেই পারিনি'

টেসলা ও স্পেইসএক্স প্রধান ইলন মাস্ক-এর সঙ্গে প্রথম মুখোমুখি সাক্ষাতে মাস্ককে চিনতেই পারেননি 'সিলিকন ভ্যালি' অভিনেতা টিজে মিলার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 10:10 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

এইচবিও থেকে সম্প্রচারিত প্রযুক্তিবিষয়ক কমেডি টিভি অনুষ্ঠান 'সিলিকন ভ্যালি'-তে 'এরলিখ ব্যাখম্যান' চরিত্রের অভিনেতা মিলার মার্কিন সাময়িকী নিউ ইয়র্কার-কে একথা জানান।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার জানায়, রেডউড সিটিতে এক পার্টিতে তাদের দুজনের দেখা হয়। মাস্ক-কে চিনতে না পেরে তার সঙ্গে সাধারণ একজন মানুষ বিবেচনায়ই আচরণ করেন মিলার। তার উপর মিলারের একজন নারী ভক্ত তার সঙ্গে ছবি তুলতে মাস্কের হাতে ক্যামেরা ধরিয়ে দেন।

তিনি বলেন, "আমার ধারণা, আমি তার প্রশংসায় মগ্ন হয়ে উঠিনি দেখে তিনি কিছুটা ধাক্কা খেয়েছিলেন। অবশ্য আমি তখন তাকে চিনতেই পারিনি। তিনি বললেন, 'তোমাদের অনুষ্ঠানের জন্য আমার কিছু পরামর্শ আছে,' আর আমি বলে বসলাম, 'ধন্যবাদ, পরামর্শের কোনো দরকার নেই আমাদের।' আর এতে তিনি আরও বেশি বিব্রত হয়ে পড়েন।"

মিলার নিজে অবশ্য এ ঘটনায় খুব একটা বিব্রত নন। অভিনেতারা প্রযুক্তি ক্ষেত্রের 'রুই-কাতলাদের' তুলনায় 'বিশেষ ধরনের' সেলিব্রিটি এবং তাই প্রযুক্তি নেতৃবৃন্দের অনেকেই অভিনেতাদের সঙ্গে আচরণের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়েন বলে মন্তব্য করেন তিনি।

তবে এ ঘটনাকে মাস্ক ব্যক্তিগত মর্যাদায় আঘাত হিসেবে নেননি বলেও মন্তব্য করেন মিলার। তিনি বলেন, "ইলন মাস্ক নিশ্চয়ই মজাটা বুঝতে পেরেছেন।"