দক্ষিণ কোরিয়ায় বিশাল হ্যাক, ‘দায়ী উত্তর’
দক্ষিণ কোরিয়ার ১৬০টি প্রতিষ্ঠান আর সরকারি সংস্থার প্রায় দেড় লাখ কম্পিউটার হ্যাকড হয়েছে। বড় একটি সাইবার হামলার উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ক্ষতিকারক কোড দেওয়ার মাধ্যমে উত্তর কোরিয়া এই হ্যাকিং কাণ্ড চালায় বলে দাবি করেছে দক্ষিণ কোরীয় পুলিশ।
চলতি বছর জানুয়ারিতে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়। আর ফেব্রুয়ারিতে দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এ নিয়ে জাতিসংঘ থেকে নতুন একটি নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সব ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সম্ভাব্য সাইবার আক্রমণ নিয়ে সতর্কতা জারি করে, জানিয়েছে রয়টার্স।
এ ধরনের কোনো ঘটনায় সংশ্লিষ্টতার কথা সব সময়ই অস্বীকার করে এসেছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার পুলিশের সাইবার তদন্ত ইউনিট জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সতর্কতা জারির বহু আগেই ২০১৪ সালে এই হ্যাকিং শুরু হয়, আর চলতি বছর ফেব্রুয়ারিতে এই হ্যাক শনাক্ত করা হয়। এর মধ্যে উত্তর কোরিয়া দক্ষিণের প্রতিরক্ষা-সম্পর্কিত তথ্যসহ দুটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে। ওই দুটি প্রতিষ্ঠানসহ মোট ১৬০টি প্রতিষ্ঠানের এক লাখ ৪০ হাজার কম্পিউটার এতে আক্রান্ত বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের সার্ভার আর কম্পিউটারে নিয়ন্ত্রণ নেওয়ার পর হ্যাকাররা কোনো 'অ্যাকশন'ই নেয়নি। তারা অপেক্ষা করেছে এবং আরও লক্ষ্য হ্যাকে চেষ্টা চালিয়েছে। পুলিশের ভাষ্যমতে বড় মাত্রায় পরিকল্পিত হামলা চালাতেই এই প্রচেষ্টা চালানো হয়েছে।"
চলতি বছর মার্চে দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা জানায়, তারা কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকের প্রচেষ্টা থামিয়ে দিয়েছে। দেশটির যোগাযোগ ব্যবস্থায় নিয়ন্ত্রণ নিতে এই হামলা চালানো হয় আর এর জন্য উত্তর দায়ী ছিল বলে দাবি করেছিল তারা।
এই হ্যাকে ৪২ হাজার তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে ৪০ হাজারই উত্তর কোরিয়াসংক্রান্ত। ওই দুই বৃহৎ প্রতিষ্ঠানগুলো ছিল- এসকে আর হানজিন গ্রুপ, জানিয়েছে দক্ষিণের সংবাদমাধ্যমগুলো। কিন্তু পুলিশ এ বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে।
এসকে হোল্ডিংস-এর এক মুখপাত্র জানিয়েছেন, গ্রুপের চারটি অঙ্গসংগঠন এই হ্যাকিংয়ে আক্রান্ত হয়েছে, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এই হ্যাক থামাতে পুলিশের সঙ্গে কাজ করেন এবং কোনো ফাঁস হওয়া তথ্য তালিকাভূক্ত হয়নি।
হানজিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কোরিয়ান এয়ারলাইন্স-এর একজন মুখপাত্র জানান, তাদের নেটওয়ার্ক থেকে ফাঁস হওয়া তথ্য তালিকাভূক্ত হয়নি আর গ্রুপের অন্য কোনো প্রতিষ্ঠান আক্রান্ত হয়নি।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বেহাত হওয়া প্রতিরক্ষা সম্পর্কিত কোনো তথ্যই 'গোপন' ছিল না, আর সেখানে কোনো নিরাপত্তা লঙ্ঘন ঘটেনি।
যে আইপি অ্যাড্রেস থেকে এই হ্যাক চালানো হয়, তা পিয়ংইয়ংয়ের বলে জানিয়ছে রয়টার্স। আর যে নেটওয়ার্ক ব্যবস্থাপনা সফটওয়্যারকে লক্ষ্য হিসেবে নেওয়া হয়, তা সরকারী-অসরকারী প্রতিষ্ঠান বা সংস্থাগুলো বিস্তৃত পরিসরে ব্যবহৃত হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। তবে, তারা ওই সফটওয়্যারের নাম বলতে অস্বীকৃতি জানিয়েছে।
২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার ব্যাংকখাতে একটি হ্যাকিং চালানো হয়। ওই হ্যাকে ব্যবহৃত আইপি অ্যাড্রেস-এর সঙ্গে বর্তমানটার মিল রয়েছে। সেবারও দক্ষিণ কোরিয়া উত্তরকে দায়ী করেছিল, আর উত্তর কোরিয়া এর দায় নিতে অস্বীকৃতি জানায়।
