সিদ্ধান্তের দক্ষতা বাড়ায় নীল আলো
স্বল্প সময়ের জন্য নীল আলোর সংসর্গে থাকা মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে, সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা-এর পোস্ট-ডক্টরাল ফেলো অ্যানা অ্যালকোজেই বলেন, "আগের সব গবেষণায়ই আলো থাকাকালীন এর নেতিবাচক প্রভাবের ওপর জোর দেওয়া হয়েছে। আমাদের গবেষণায় দেখা গেছে, ৪০ মিনিট পর্যন্ত নীল আলো তরঙ্গের সংসর্গে থাকাটা উপকারে আসতে পারে।"
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানায়, গবেষণায় আধা ঘন্টার জন্য নীল আলোর সংসর্গে থাকার ফলে প্রতি সেকেন্ডে দেওয়া সঠিক উত্তরের সংখ্যার ভিত্তিতে প্রতিক্রিয়ার সময়কাল ও দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে, যা মস্তিষ্কের চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণ অংশের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত। এ ছাড়াও নীল আলো থেকে সরে আসার আধা ঘন্টার বেশি সময় পরও এর ইতিবাচক প্রভাব থেকে যায় বলে জানান অ্যালকোজেই।
অ্যালকোজেই বলেন, "পাইলট ককপিট, অপারেশন রুম বা সেনা সংস্থার মতো যেসব জায়গায় সতর্কতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ, তাতে নীল মাত্রার সাদা আলো ব্যবহার করা যেতে পারে।"
স্পেইস স্টেশনের মতো যেসব জায়গায় সূর্যালোকের অভাব রয়েছে তাতে এ আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
