২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটে ট্রাম্প-হিলারি ব্যঙ্গ বিতর্ক

সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতির পদে ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটন-কে অনুমোদন দেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। অনুমোদন ঘোষণার পরপরই এই দুই ডেমোক্রেট নেতাকে নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সমালোচনা করেন রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 05:45 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

ট্রাম্প এক টুইটে বলেন, “ওবামা এইমাত্র অসাধু হিলারিকে অনুমোদন দিলেন। তিনি (ওবামা) আরও চারটি ‘ওবামা বছর’ চান— কিন্তু তিনি বাদে আর কেউই চায় না!” হিলারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে, তার ক্ষমতার সময়ে মূলত ওবামার ধারাবাহিকতাতেই দেশ চলবে, টুইটে এমন ইঙ্গিত-ই দিয়েছেন ট্রাম্প।

হিলারি'র নির্বাচনী প্রচারণা সংস্থা পাঁচ মিনিটের মধ্যেই ট্রাম্পের ওই টুইটারের জবাব দেয়। এক্ষেত্রে তারা একটি 'বিখ্যাত' টুইটার 'মেমে' ব্যবহার করে। প্রচলিত অর্থে মেমে বলতে অনলাইনে কোনো বিদ্রুপ প্রকাশে ব্যবহৃত কোনো ছবি বা ইমেইজ-কে বোঝায়।

"আপনার অ্যাকাউন্ট মুছে দিন", জবাবে দেওয়া মেমে’র ভাষ্য ছিল এমনটাই।

অনেক পর্যবেক্ষক হিলারি'র প্রচারণা সংস্থার এই ব্যাঙ্গাতক জবাবকে স্বাগত জানালেও, অন্যরা রাষ্ট্রীয় কাজের বিভিন্ন মেইল হিলারির 'ব্যক্তিগত' করে ফেলার ঘটনার দিকে আঙ্গুল তুলেছেন।

মার্কিন সাংবাদিক অ্যান্থনি ডি রোজা হিলারি'র প্রচারণা সংস্থার টুইটের সমালোচনা করে পাল্টা টুইট করেন, “মানুষকে তার নিজের কিছু মুছে ফেলতে বলা হয়ত হিলারির জন্য সবচেয়ে ভালো বুদ্ধি নয়।”

হিলারি'র প্রচারণা সংস্থার জবাবে ট্রাম্প বৃহস্পতিবার বিকেলে ফিরতি টুইট দেন। তিনি বলেন, “আপনার ৮২৩ জন কর্মচারীর কতক্ষণ লেগেছিল এই জবাব খোঁজার জন্য --আর কোথায় আপনার ৩৩,০০০ মুছে ফেলা ইমেইল?”

এতদিন নিজ দলে ‘নিরপক্ষ’ থাকার পর বৃহস্পতিবার ওবামা তিন মিনিটের একটি ভিডিওতে হিলারি'র পক্ষ নেওয়ার ঘোষণা দেন।

ওবামা বলেন, “আমি জানি কতটা কঠিন হতে পারে (রাষ্ট্রপতির) কাজটি। আর তাই আমি জানি, হিলারি এটা অনেক ভালোভাবে করতে পারবে। আমি মনে করি না অন্য কেউ এজন্য এতটা যোগ্য ছিল। এই অবিশ্বাস্য যাত্রার শুরু থেকে আমার সঙ্গে যারা ছিল তাদের আমি জানাতে চাই যে, আমি হিলারির সঙ্গে আছি।"

এই নির্বাচনী মৌসুমে প্রথমবারের জন্য ওবামা হিলারি'র সঙ্গে প্রচারণাকর্মে আগামী সপ্তাহে উইসকনসিনে যোগ দিতে যাচ্ছেন।