ডায়াবেটিস নিয়ন্ত্রণে অ্যাপ
ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি আনার লক্ষ্যে এবার জোট বাঁধছে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন (এডিএ) এবং আইবিএম ওয়াটসন হেলথ। ডায়াবেটিস সনাক্তকরণ, প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে বেশ কয়েকটি নতুন ডিজিটাল পণ্য এবং অ্যাপ আনতে যাচ্ছে প্রতিষ্ঠান দু'টি।
বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা ফরচুন জানিয়েছে, এডিএ-এর দ্বারা সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন অ্যাপ তৈরি করবে আইবিএম। এই অ্যাপগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন পণ্য তৈরিতে গবেষকদের সাহায্য করবে। গবেষণার জন্য বেশ দীর্ঘ সময়ের জন্যই জোট বেঁধেছে প্রতিষ্ঠান দু'টি।
"আমদের লক্ষ্য শুধু ডাক্তার, গবেষক, রোগী এবং সেবকদেরকেই প্রভাবিত করা নয়, উদ্যোক্তাদেরকেও উদ্বুদ্ধ করা। মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়, আমরা সেটি নিয়েই কাজ করছি।" –বলেন আইবিএম ওয়াটসন হেলথ-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কিউই রি।
ডায়াবেটিস এবং অন্যান্য রোগের বিগত ৬৬ বছরের গবেষণা রিপোর্ট এবং তথ্য রয়েছে এডিএ-এর সংগ্রহে। নতুন অ্যাপ তৈরিতে এই তথ্যগুলোই কাজে লাগাবে আইবিএম। এডিএ-এর তথ্য ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা দেয়নি প্রতিষ্ঠানটি। তৃতীয় পক্ষের কোনো ডেভেলপারও তাদের তথ্য ব্যবহার করে অ্যাপ তৈরি করতে পারে বলে জানিয়েছে এডিএ।
এডিএ-এর মেডিক্যাল টেকনোলোজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেন শিয়াং বলেন, "এডিএ কখনোই পরবর্তী 'দারুণ' অ্যাপ ডেভেলপআর হবেনা, কিন্তু আমরা সেসব মানুষদের সাহায্য করতে পারি যারা দারুণ উদ্যোগ নিচ্ছে। আমরা চাই প্রযুক্তিকে মানসম্পন্ন তথ্য দিতে চাই।"
সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর দেওয়া তথ্যমতে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯১ লাখ। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ৯.৩ শতাংশ। এ ছাড়াও আরও ৮ কোটি ৬০ লাখ মানুষ ডায়াবেটিসের পূর্ববর্তী ধাপে রয়েছে বলেও জানানো হয়েছে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণের লক্ষ্যে ইতোমধ্যেই অ্যাপ তৈরিতে প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে আইবিএম এবং এডিএ। এ বছরের শেষ দিকে ডেভেলপারদের কাছ থেক অ্যাপ জমা নেবে প্রতিষ্ঠান দু'টি।
ডায়াবেটিস নিয়ে শিয়াং আরও বলেন, "প্রযুক্তি ডায়াবেটিস নির্মূল করতে পারে না, কিন্তু এই বোঝাকে সহজেই একধাপ কমাতে পারে।"
