২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক কমেন্টে ভিডিও

কমেন্ট হিসেবে ভিডিও আপলোড সুবিধা চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার ফেইসবুক কর্মকর্তা ও হ্যাকাথন কোর হ্যাকার বব বল্ডউইন জানান, বিশ্বব্যাপী ডেস্কটপ ওয়েব, আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন কমেন্ট হিসেবে ভিডিও পোস্ট করতে পারবেন।

তিনি বলেন, "এ বছরের প্রথমদিকে ৫০তম ফেইসবুক হ্যাকাথনে আমরা কমেন্ট ও রিপ্লাইয়ে ভিডিও আপলোড ফিচারের একটি নমুনা তৈরি করেছি। আমরা চেয়েছি কথোপকথনের ক্ষেত্রে যাতে আরও ঘনিষ্ঠ হওয়া যায়। কমেন্টে মাল্টিমিডিয়া ফিচারগুলোয় লিংক, ছবি, স্টিকার, ও ইমোজির সঙ্গে আজ থেকে যোগ হলো ভিডিও।"

মার্কিন সাময়িকী ফরচুন-এর কাছে এক বিবৃতিতে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, "ফেইসবুকে ব্যবহারকারীরা যাতে বন্ধুদের সঙ্গে বিভিন্ন আগ্রহ-জাগানিয়া কনটেন্ট শেয়ার করতে পারেন সেজন্য বিভিন্ন টুল সরবরাহ করার প্রচেষ্টার অংশ হিসেবে ভিডিও কমেন্ট ফিচারটি চালু করা হয়েছে।"

ফেইসবুকের নতুন এ ভিডিও ফিচারটি ব্যবহার করতে কমেন্ট অপশনের ফটো আইকনে ক্লিক করলেই চলে আসবে ভিডিও ফাংশন।

সাম্প্রতিক সময়ে ভিডিও কনটেন্ট-এ ফেইসবুক ভালই জোর দিচ্ছে। এমনকি প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গও একে ভবিষ্যতের প্ল্যাটফর্ম হিসেবে আখ্যা দিয়েছেন।