মঙ্গলবাসে যাত্রাসূচী জানালেন মাস্ক
মঙ্গলগ্রহে বসতি স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে যাত্রার সময়সূচীসহ আরও কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান স্পেইসএক্স প্রধান ইলন মাস্ক।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মাস্ক জানান, ২০১৮ সালেই একটি মানুষবিহীন ফ্যালকন হেভি রকেট মঙ্গলে একটি ড্রাগন ক্যাপসুল নিয়ে যাবে। এ ফ্লাইটে যাত্রাপথসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ এবং পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পরবর্তীতে ২০২০ সাল থেকে শুরু করে প্রতি দুই বছর পর পর বিভিন্ন থার্ড পার্টির পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানোর উদ্দেশ্যে আরও কয়েকটি ফ্যালকন হেভি রকেট মঙ্গলে পাঠানো হবে।
মাস্ক বলেন, "এটি একটি নিয়মিত কার্গো রুট। আপনি এর ওপর নির্ভর করতে পারেন। এটি প্রতি ২৬ মাসে একবার করে ঘটতে যাচ্ছে। স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার মতোই।"
মার্কিন সাময়িকী ফরচুন জানায়, মঙ্গলে পাকাপাকিভাবে বসতি স্থাপনের জন্য প্রথম গুরুত্বপূর্ণ কাঠামোবাহী রকেট মার্স কলোনিয়াল ট্রান্সপোর্টার (এমসিটি) ২০২২ সালে মঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রকেটটি আকারে ফ্যালকন হেভি-এর চেয়েও বড় হবে, আর এর লিফট ক্যাপাবিলিটি হবে প্রায় একশ' টন। রকেটটির জন্য ডিজাইনকৃত র্যাপটর ইঞ্জিন শেষ কয়েক বছর ধরেই নির্মাণাধীন অবস্থায় আছে, এবং এই প্রকল্পের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
মানবসভ্যতার ইতিহাসে নতুন একটি অধ্যায় গড়ার পথে প্রথম দিককার মহাকাশচারীদের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, "এটি বিপজ্জনক এবং সম্ভবত কেউ কেউ মারা যাবেন - আর তারাও তা জেনেই যাবেন।"
এরপর ২০২৪ সালে প্রথমবারের মতো মানুষবাহী রকেট পাঠানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই সময়সূচী অনুযায়ীই স্পেইসএক্স মঙ্গল অভিযান চালাবে বলে জোর দেন মাস্ক।
