২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল স্ট্রিট ভিউ-তে ভারতের নিষেধাজ্ঞা

নিরাপত্তা সংস্থার আপত্তি মেনে স্ট্রিট ভিউ-এর জন্য গুগলের ছবি সংগ্রহের পরিকল্পনাকে না করে দিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 05:33 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা জানান, গুগলের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের নিরাপত্তা ব্যবস্থা দূর্বল হয় যেতে পারে। গুগল স্ট্রিট ভিউ হাই রেজুলিউশনের ৩৬০ ডিগ্রি ছবি সংগ্রহ করে থাকে, যেখান থেকে ব্যবহারকারীরা কোনো রাস্তা, দর্শনীয় স্থান, পাহাড় এবং নদীর দৃশ্য দেখে নিতে পারেন। তবে, গুগলের এই তথ্য সংগ্রহ বেশ কয়েকটি দেশেরই মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গুগলের ভারত জুড়ে স্ট্রিট ভিউ সেবা দেওয়ার পরিকল্পনা নাকচ করার বিষয়টি নিশ্চিত করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। তবে গুগলের এক মুখপাত্র জানান, তারা এখনও নির্দেশের কপি হাতে পাননি।

নিরাপত্তা সংস্থাগুলো ছবি সংগ্রহের ব্যাপারে ঝুঁকির বিষয় উল্লেখ করতে গিয়ে মুম্বাই আক্রমণের কথা তুলে ধরে। ওই আক্রমণের মূল পরিকল্পনাকারী ছিল ডেভিড হেডলি, যিনি একজন মার্কিন নাগরিক হয়েও ছবির মাধ্যমে তথ্য সংগ্রহ করে হামলা চালাতে সক্ষম হয়েছিলেন, জানিয়েছে বিবিসি।

ভারতীয় দৈনিক হিন্দু-তে দেওয়া এক বক্তব্যে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, আসল ঝুঁকি হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য স্থাপনাগুলোর গোপনীয়তা রক্ষা করা। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী ছবি সংগ্রহের কাজ একবার চালু হয়ে গেলে কোনো জায়গায় কী তথ্য বা ছবি তুলে নেওয়া হচ্ছে তার উপর নজরদারি করা সম্ভব হবে না।

২০১১ সালে দেশটির দক্ষিণের শহর ব্যাঙ্গালুরু-তে গুগল ছবি সংগ্রহের সময় পুলিশ আটকে দেয়। গাড়ি এবং ট্রাইসাইকেলের মাথায় ক্যামেরা নিয়ে গুগলের একটি দল ছবি সংগ্রহ করছিল।

গুগল স্ট্রিট ভিউ ২০০৭ সালে প্রথম স্যান ফ্রানসিসকো, লাস ভেগাস, ডেনভার, নিউ ইয়র্ক, এবং মায়ামি'র বিভিন্ন ছবি নিয়ে হাজির হয়। এরপরে সেবাটি বিশ্বজুড়ে দারুণভাবে সমাদৃত হয়। তবে কিছু দেশে গুগল স্ট্রিট ভিউ-কে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

২০১০ সালে প্রায় আড়াই লাখ জার্মান নাগরিক গুগলে তাদের ঘরবাড়ির ছবি ঝাপসা করে দেওয়ার আহ্বান জানায়। চেক সরকার গুগলকে কোনো প্রকার ছবি নেওয়ার বিষয়ে একেবারেই নিষিদ্ধ করে দিয়েছে।