পরের আইফোনে ইনটেল-এর মডেম চিপ
নতুন আসা আইফোনগুলোর কিছু সংস্করণে কোয়ালকমের মডেম চিপ ব্যবহার করা হলেও, অ্যাপলের পরবর্তী আইফোনে ইনটেল-এর চিপ ব্যবহার করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি নেটওয়ার্কে ব্যবহৃত আইফোন আর যুক্তরাষ্ট্রের বাইরের কিছু বাজারের কিছু সংস্করণে ইনটেল-এর মডেম চিপ ব্যবহার করা হবে।
যদিও চীনে বিক্রি হওয়া আর ভেরাইজন কমিউনিকেশনস নেটওয়ার্কের আইফোনগুলোতে কোয়ালকমের মোডেম চিপই ব্যবহার করা হবে।
রয়টার্স জানায়, শুক্রবার ইন্টেলের শেয়ারমূল্য ০.৩ শতাংশ বেড়ে যায়, তবে কোয়ালকমের শেয়ারমূল্য ১.৭ শতাংশ পড়তে দেখা গেছে। এদিকে, সকালের লেনদেনে অ্যাপলের শেয়ার ০.৫ শতাংশ পড়ে গিয়েছিল।
কোয়ালকমের প্রধান নির্বাহী স্টিভ মলেনকফ এপ্রিলে জানান, ভোক্তাদের একটি বড় অংশ বহুবিধ সরবরাহকারীদের দিকে যাবে বলে তিনি ধারণা করছেন।
ইনটেল-এর একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। কোয়ালকম আর অ্যাপলকেও মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
