বিক্রি হচ্ছে লাখো টুইটার পাসওয়ার্ড
তিন কোটি বিশ লাখেরও বেশি টুইটার ‘লগইন’ নাম এবং পাসওয়ার্ড অনলাইনে বিক্রয়ের জন্য দেওয়া হয়েছে।
টেসা৮৮ নামের একজন হ্যাকার তালিকাটি ‘কপি’ করার জন্য ১০টি বিটকয়েন দাবি করেছেন, যার বাজারমূল্য চার হাজার পাউন্ড বলে জানিয়েছে বিবিসি। বিবিসির মতে, এটা এখনও পরিষ্কার নয় যে তালিকাটি আসল কিনা বা এটা কিভাবে প্রণীত হয়েছে। কিছু প্রতিবেদন বলছে ম্যালওয়্যার দ্বারা ব্যবহারকারীদের তথ্য চুরি করে এটা করা হয়েছে।
এক বিবৃতিতে মাইক্রোব্লগিং সাইটটি বলে, তাদের নেটওয়ার্ক ভঙ্গ করে এর আবির্ভাব হয়নি, এ বিষয়ে তারা ‘আত্মবিশ্বাসী’। তালিকা প্রকাশের তথ্য ‘লিকড্ সোর্স’ নামের একটি ওয়েবসাইট-এ প্রকাশ করা হয়। সাইটটি চুরি হওয়া লগইন তথ্যের ডেটাবেইস তৈরি করে।
তারা জানায় টেসা৮৮-এর শেয়ার করা ডেটাসেটে ৩,২০,০০,০০০-এরও বেশি ইমেইল, ইউজারনেইম, এবং পাসওয়ার্ড-এর রেকর্ড ছিল। প্রতিষ্ঠানটি একটি ব্লগে নিশ্চিত করে যে, টুইটার হ্যাক হয়নি বরং ব্যবহারকারীরা হ্যাক হয়েছিল।
এর অর্থ তালিকাটি তৈরি করা হয়েছে ভাইরাসের মাধ্যমে তথ্য চুরি করে। ডেটাসেট-এর সঙ্গের তথ্য বিশ্লেষণ করে এটা যে এভাবে সংগৃহীত হয়েছে তা বোঝা যায় বলে জানায় প্রতিষ্ঠানটি। অন্যান্য তথ্য প্রমাণ করে যে এটা টুইটার থেকে আসেনি।
লিকড সোর্স জানায়, তারা তালিকার ইমেইল এবং পাসওয়ার্ড-এর উপর পরীক্ষা চালায় যেখানে অল্প সংখ্যক ছিল আসল। প্রযুক্তি সাইট জেডডিনেট জানায়, দুইজন সদস্যকে পাওয়া যায় যাদের নামের পাশের পাসওয়ার্ড সঠিক ছিল। কিন্তু অন্য একজন জানায় তাদের তথ্য ভুল দেওয়া ছিল।
টুইটারের নিরাপত্তা প্রধান মাইকেল কোটস্ নিশ্চিত করেন যে ‘ক্রেডেনশিয়াল’ তথ্য ব্যবহার করে ব্যবহারকারীদের সাহায্য করতে তারা লিকড সোর্স-এর সঙ্গে কাজ করছে। তিনি বলেন, "আমরা ডার্ক ওয়েব-এ পাওয়া ব্যবহারকারীদের নাম এবং পাসওয়ার্ডগুলো অনুসন্ধান করছি, আমরা নিশ্চিত আমাদের সিস্টেম হ্যাক হয়নি।"
