২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেট নিষেধাজ্ঞা নিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

সরকারী কর্মচারীদের জন্য কর্মক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার নিয়ে মুখ খুলেন দেশটির প্রধানমন্ত্রীও। ২০১৬ সালের মে মাস থেকে সিঙ্গাপুরের সরকারী কর্মচারীদের জন্য কর্মক্ষেত্রে কম্পিউটারে ইন্টারনেট অ্যাকসেস বন্ধ করে দিয়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 05:34 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিন লুং বৃহস্পতিবার জানান, সাম্প্রতিক কিছু 'অত্যন্ত জটিল' সাইবার আক্রমণের ঘটনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রয়টার্স জানায়, ২০১৬ সালের মে থেকেই দেশটির সরকারি প্রায় এক লাখ কম্পিউটারে এ ব্যবস্থা চালু করা হবে। তবে সরকারি চাকরিজীবীরা নিজেদের ব্যক্তিগত মোবাইলে নেট ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও অফিসের কাজে ইন্টারনেট ব্যবহারের জন্য আলাদা কিছু কম্পিউটার থাকবে বলে জানায় স্ট্রেইটস টাইমস পত্রিকা।

স্থানীয় সংবাদপত্র বিজনেস টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে লি জানান, এ পদক্ষেপ দেশটির "দৈনন্দিন উৎপাদনশীলতা" কমিয়ে দিলেও "নিজস্ব ব্যবস্থা, নাগরিক এবং তাদের সম্পর্কে থাকা তথ্যের নিরাপত্তার স্বার্থে" এ পদক্ষেপ প্রয়োজনীয়।

এ দিকে দেশটিকে হাই-টেক 'স্মার্ট নেশন' হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনায় এ পদক্ষেপ বড় অন্তরায় হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। এই পদক্ষেপে দেশটির নাগরিকরা ‘হতবাক’ ও ‘সংশয়’ প্রকাশ করেছেন। দেশটিতে বহুল প্রচারিত ‘স্মার্ট নেশন টেকনোলজি ইনিশিয়েটিভ’-এর সঙ্গে এটি সাংঘর্ষিক বলেও মন্তব্য করা হচ্ছে। সরকারের এমন পদক্ষেপের আওতায় শিক্ষকরাও পড়ছেন। কিন্তু তারা খুব একটা স্পর্শকাতর তথ্য নিয়ে কাজ না করায়, তাদের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা ‘মাত্রাতিরিক্ত’ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। 

রয়টার্স জানায়, সম্প্রতি হ্যাকারেরা দেশটির স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকে আক্রমণ চালিয়ে গ্রাহকদের তথ্য চুরি ছাড়াও প্রধানমন্ত্রী লি-এর অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করে।