উড়ুক্কু যানে পেইজের 'গোপন ব্যয়'
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান ল্যারি পেইজ উড়ুক্কু যান বানানোর কাজে গোপনে ১০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছেন।
অসংখ্য সূত্রের সঙ্গে কথোপকোথন থেকে তৈরি করা এক প্রতিবেদনে ব্লুমবার্গ এমন খবর প্রকাশ করে।
পেইজ-এর অধীনে ২০১০ সালে যাত্রা শুরু করা ‘জি.এরো’ নামের একটি গোপন স্টার্টআপের মালিকানাও রয়েছে বলে জানায় ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার। ক্যালিফোর্নিয়ায় গুগলের প্রধান কার্যালয়ের কাছেই অবস্থিত এই স্টার্টআপ-এ প্রায় ১৫০ জন কর্মী কাজ করেন। এই প্রতিষ্ঠানের জন্য নিজের থেকে ১০ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছেন মার্কিন এই ধনকুবের।
শুধু তা-ই নয়, আরেকটি উড়ুক্কু যানের স্টার্টআপ ‘কিটি হক’-এও অর্থ ব্যয় করেছেন পেইজ। এটি প্রথম প্রতিষ্ঠানটি থেকে পুরোপুরি আলাদা হলেও, প্রতিষ্ঠানদুটির লক্ষ্য একই। কিটি হক-এ পেইজ কত ব্যয় করেছেন, তা এখনও স্পষ্ট নয়।
এসব কিছু শুধু প্রকল্পিতও নয়। ব্লুমবার্গ জানায়, জি.এরো’র দুটো প্রটোটাইপ এয়ারক্র্যাফট কাছাকাছি একটি হ্যাঙ্গারে রাখা আছে, যা ‘প্রতিনিয়ত পরীক্ষামূলক যাত্রা’ করে থাকে। এর যানগুলো বিদ্যুৎ চালিত।
জি.এরো’র ওয়েবসাইটে এ নিয়ে খুব একটা কিছু বলা হয়নি। চাকুরি প্রার্থীদের উদ্দেশ্য করে বলা হয়েছে, "সিলিকন ভ্যালির মূলস্থানে অবস্থিত জি, পরিবহন ব্যবস্থায় একটি বৈপ্লবিক মাত্রা তৈরি করার কাজ করছে। বায়ুগতিবিদ্যা, উন্নত উৎপাদন, আর বৈদ্যুতিক পরিচালনসাধ্যতার ভিত্তিতে আমরা একটি চাঙ্গা করা পরিবেশ তৈরি করি, যেখানে সৃষ্টিশীল কর্মচারীরা নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারে।"
পেইজ জি.এরো-তে তার সম্পৃকতা গোপন রাখার জন্য ভালোই খেটেছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানের শুরুতে যখন তিনি ভবনের উপরের তলাটি ভাড়া নেন, তখন কর্মচারীরাও তার আসল নাম জানেননি। ‘গাস (জিইউএস)’, যা ‘গাই আপস্টেয়ার্স’-এর সংক্ষিপ্ত রূপ, নামেই ডাকা তাকে ডাকত কর্মীরা।
