২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিস নির্বাচনে সোনিয়ার প্যানেল

‘দ্য চেইঞ্জ মেকারস’ নামে নতুন প্যানেল গঠন করে এবারের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন মাইক্রোসফট বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 04:28 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

দেশে সফটওয়্যার ও তথ্যসেবাখাতে শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) -এর এবারের নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে ‘যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে’ ‘মেম্বারস ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে এই প্যানেলের ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে সোনিয়া বশির কবির বলেন, ‘‘আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির বিভিন্ন যুগান্তকারী উদ্যোগের কারণে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে এবং বেসিস এই সফল অগ্রযাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আমাদের মানতে হবে, বাংলাদেশের আইসিটি শিল্পের অগ্রনায়ক বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো এখনও নানা সমস্যায় জর্জরিত। প্রতিনিয়ত আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সমস্যাগুলো আমাদের প্রায় সকলেরই জানা, কিন্তু সমাধানের কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।’’

তিনি আরও জানান, বেসিস সদস্যদের উন্নয়ন ছাড়া বাংলাদেশের আইসিটি খাতের টেকসই উন্নয়ন কখনও সম্ভব নয়। বেসিস সদস্যদের এই দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধানের লক্ষ্যে বেসিসের সম্মানিত জ্যেষ্ঠ ও তরুণ সদস্যদের পরামর্শে, মূলত সফটওয়্যার ও আইটিইএস ব্যবসায়ী এবং দীর্ঘ সময় ধরে এই খাতে কাজ করা পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তাবৃন্দ একটি দলে একীভূত হয়েছে।

উদ্ভাবনশীল, নির্ভরযোগ্য ও লাভজনক উন্নয়নমুখী সফটওয়্যার শিল্প গড়ে তোলাই দ্য চেইঞ্জ মেকারস-এর লক্ষ্য- এমনটাই জানান প্যানেলটির দলনেতা সোনিয়া। 

দ্য চেইঞ্জ মেকারস-এর সাধারণ সদস্য পদপ্রার্থী সোনিয়া বশির কবির (মাইক্রোসফট বাংলাদেশ লি.), মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লি.), সৈয়দ আলমাস কবীর (মেট্রোনেট বাংলাদেশ লি.), সুফি ফারুক ইবনে আবুবকর (ইভাটিক্স), আজমল হক আজিম (ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লি.), নাজমুল করিম চৌধুরী শারুণ (গণনা টেকনোলোজিস লি.), সাব্বির রহমান তানিম (থার্ড বেল এন্টারটেইনমেন্ট লি.), ছাইদুল ইসলাম মজুমদার লিখন (মজুমদার আইটি লি.) এবং অ্যাসোসিয়েট সদস্য পদপ্রার্থী জামান খান (জামান আইটি)।