অ্যাপ স্টোরে কমিশন কমাচ্ছে অ্যাপল
ডেভেলপার এবং গ্রাহকের সুবিধার্থে অ্যাপ স্টোরে নিজেদের কমিশন কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপের উপর নিজেদের লাভের পরিমাণ কমিয়ে ১৫ শতাংশে আনছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে ডেভেলপার আয়ের ৮৫ শতাংশ পাবেন।
চলতি বছরের ১৩ জুন অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-কে সামনে রেখে অ্যাপ স্টোরে বেশ কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপ স্টোরের শুরু থেকেই যেকোন অ্যাপ থেকে আয়ের ৩০ শতাংশ নিজেদের কাছে রেখে আসছিল প্রতিষ্ঠানটি। এবার সেই পরিমাণ ১৫ শতাংশে নামিয়ে আনছে অ্যাপল, জানিয়েছে বিবিসি।
অ্যাপ স্টোরে কমিশন কমানোর ব্যাপারে শর্তও জুড়ে দিয়েছে এই প্রতিষ্ঠানটি। অ্যাপলের এই অফার শুধু সেই সকল অ্যাপের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যেগুলো স্টোরে এক বছরেরও বেশি সময় ধরে রয়েছে। এইসব অ্যাপগুলোতে ঘোষণার পরপরই অফারটি চালু হবে বলেও জানানো হয়।
অ্যাপলের এই ঘোষণার ফলে স্পটিফাই-এর মতো মিউজিক স্ট্রিমিং অ্যাপগুলো বাড়তি আয় করতে পারে বলেও জানানো হয়। বর্তমানে স্পটিফাই-এর সাবস্ক্রাইবার রয়েছে প্রায় ২ কোটি। অ্যাপলের এমন ঘোষণার প্রেক্ষিতে অ্যাপটি এখন প্রতি মাসে বাড়তি দেড় কোটি মার্কিন ডলার আয় করতে পারবে।
এ বিষয়ে প্রযুক্তি বিষয়ক লেখক এবং অ্যাপল পর্যবেক্ষক জন গ্রুবার বলেন, "আমি মনে করি ডেভেলপার এবং ব্যবহারকারী উভয়ের জন্যই এটি দারুণ খবর।"
কমিশন কমানো ছাড়াও সাবস্ক্রিপশনের ক্ষেত্রেও পরিবর্তন আনছে অ্যাপল। এখন পর্যন্ত মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট ক্যাটেগরি ছাড়া অন্য কোনো অ্যাপের ক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি রাখেনি অ্যাপল। তবে খুব শীঘ্রই অন্যান্য অ্যাপে সাবস্ক্রিপশন ফি যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
অ্যাপ স্টোরে বিজ্ঞাপনের ক্ষেত্রেও পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। শীঘ্রই গ্রাহকের সার্চের কনটেন্ট বিবেচনা করে উপরের দিকে বিজ্ঞাপন দেখানো হবে। আর বিজ্ঞাপনের অবস্থান ঠিক করার জন্য বিজ্ঞাপনদাতাদের আলাদা মূল্য পরিশোধ করতে হবে। এক্ষেত্রে ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীর জন্য কোনো বিজ্ঞাপন দেখাবেনা অ্যাপল।
বর্তমানে অ্যাপ স্টোরে ১৫ লাখ অ্যাপ রয়েছে।
