২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের ব্যাটারি কিনছে টেসলা

বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরস-এর এনার্জি ইউনিটের জন্য ব্যাটারি সরবরাহ করতে যাচ্ছে স্যামসাং, সম্প্রতি এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 10:28 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং, টেসলার জন্য ব্যাটারি সরবরাহ করতে পারে- এ খবর প্রকাশিত হওয়ার পরপরই মাস্ক টুইটারে জানান, প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অংশীদার প্রতিষ্ঠান প্যানাসনিক টেসলার আসন্ন মডেল থ্রি গাড়ির জন্য অধিকাংশ ব্যাটারি সরবরাহ করবে। আর টেসলা এনার্জি-এর জন্য স্যামসাংয়ের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে, হ্যাঁ সূচক উত্তরই দেন তিনি।

টেসলা এনার্জি বাড়িঘরের জন্য ‘পাওয়ারওয়াল’ নামের স্থির ব্যাটারি এবং ব্যবসায় প্রতিষ্ঠান ও ইউটিলিটির জন্য ‘পাওয়ারপ্যাক’ নামের ব্যাটারি সরবরাহ করে থাকে। এ বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকা, এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় আড়াই হাজারেরও বেশি পাওয়ারওয়াল এবং প্রায় একশ' পাওয়ারপ্যাক সরবরাহ করেছে, জানিয়েছে ব্লুমবার্গ।

প্যানাসনিকের সঙ্গে টেসলার মজবুত অংশীদারিত্ব রয়েছে বলেও জানানো হয়। ২০১০ সালে প্রতিষ্ঠানটিতে তিন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে প্যানাসনিক, যার মূল্য এখন ৩০ কোটি ডলার। ২০১৭ সালে টেসলার মডেল এস এবং মডেল এক্স গাড়ির জন্য ১৮০ কোটি ব্যাটারি সরবরাহের চুক্তি রয়েছে প্রতিষ্ঠানটির।

বুধবার দিন শেষে প্যানাসনিকের শেয়ার মূল্য ৩.৭ শতাংশ বেড়ে ৯৯০.১ ইয়েনে দাঁড়িয়েছে। আর স্যামসাংয়ের শেয়ার মূল্য কমেছে ৮ শতাংশ।