২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেটেন্ট বেচছে ইয়াহু

প্রায় তিন হাজার পেটেন্ট বিক্রি করতে যাচ্ছে ইন্টারনেট প্রতিষ্ঠান ইয়াহু। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বুটিক ইনভেস্টমেন্ট ব্যাংক ব্ল্যাক স্টোন আইপি এলএলসি-কে নিয়োগ দিয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বুটিক ইনভেস্টমেন্ট ব্যাংক বলতে বিশেষ ব্যাংকগুলোকে বোঝায়, যেগুলো অন্তত একটি ঘরানায় বিশেষায়িত থাকে, প্রচলিত ক্ষেত্রে এসব ব্যাংক কর্পোরেট ফিন্যান্স নিয়ে কাজ করে। 

বিক্রয়যোগ্য এসব পেটেন্টের মধ্যে ইয়াহু'র ১৯৯৬ সালে প্রতিষ্ঠার সময়কার সার্চ টেকনোলজিসহ নতুন ও পুরোনো পেটেন্ট রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়। রয়টার্স জানায়, এ জন্য প্রতিষ্ঠানটি এরই মধ্যে সম্ভাব্য ক্রেতাদের কাছে চিঠিও পাঠিয়েছে।

ইয়াহু এসব পেটেন্ট বিক্রি প্রক্রিয়া জুনের মাঝামাঝিতেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে চলতি বছর মার্চে ইয়াহু জানায়, তারা একশ' কোটি থেকে তিনশ' কোটি ডলার মূল্যের পেটেন্ট, সম্পত্তি ও 'নন-কোর অ্যাসেট' বিক্রি করতে ইচ্ছুক।

এ প্রসঙ্গে ইয়াহু এবং ব্ল্যাক স্টোন আইপি কোনো পক্ষকেই তাৎক্ষণিক মন্তব্যের জন্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

আর্থিকভাবে ধুঁকতে থাকা এই প্রতিষ্ঠানটি মাইক্রোব্লগিং সাইট টুইটারের সঙ্গে একীভূত হতে পারে বলে সম্প্রতি খবর বের হয়।