অ্যাম্বুলেন্স ডেকে শিশুকে বাঁচালো সিরি
শিশুর শ্বাসকষ্ট শুরু হলে আইফোনের ভয়েস কমান্ড অ্যাসিস্ট্যান্ট সিরি-কে ব্যবহার করে অ্যাম্বুলেন্স তলব করেন অস্ট্রেলিয়ার কেয়ার্নস-এ বসবাসকারী এক নারী।
বিবিসি’র দেওয়া তথ্য অনুযায়ী, স্ট্যাসি গ্লিসন নামের ওই নারী তার আইফোন হাতে নিয়েই বাচ্চার ঘরে প্রবেশ করেন। কিন্তু বাতি জ্বালানোর পরে ঘরের দৃশ্য দেখে তার হাত থেকে ফোন পড়ে যায়। দৌড়ে শ্বাসকষ্টে আক্রান্ত বাচ্চাকে সিপিআর দিতে দিতে ফোনের দিকে চিৎকার করে তিনি সিরি’র উদ্দ্যেশ্যে জরুরি সেবাকে খবর দেওয়ার নির্দেশ দেন।
বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে গ্লিসন জানান, সিরি হয়তো তার শিশু গিয়ানা’র জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও জানান, তিনি সিরিকে জরুরি নাম্বারে ফোন করে একটি অ্যাম্বুলেন্স ডাকার নির্দেশ দিয়েছিলেন। এরপরে সিরি জরুরি সেবার ফোন নাম্বারে সফলভাবে সংযোগ স্থাপন এবং বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়।
অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর বুকে ইনফেকশন এবং ব্রংকাইটিস-এ আক্রান্ত গিয়ানা’র শ্বাস-প্রশ্বাস পুনরায় স্বাভাবিকে নিয়ে আশা সম্ভব হয়। ডাক্তারদের মতে, খুব দীর্ঘস্থায়ী ক্ষতি না হলেও চিকিৎসাসেবা পৌঁছানোর পূর্বে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ছিল।
গ্লিসন জানান, ফোনটি তিনি চলতি বছরের শুরুতে কিনেছিলেন।
তিনি বলেন, “সিরিকে একটি মজার ফিচার হিসেবেই আমি মাঝেমধ্যে উপভোগ করতাম। কিন্তু এখন আমি সারাক্ষণই এই ফিচার চালু রাখি। আগে গ্লিসন সিরি ব্যবহার করে নৌবাহিনীতে কর্মরত স্বামী নিক-কে ফোন দিতেন। বাচ্চাদের ঘুমোতে পাঠানোর সময় ফোনের লাউডস্পিকারে স্বামীর সঙ্গে কথা বলতেন তিনি।
তার ভাষ্যমতে ফোনটি তার হাত থেকে পড়ে না গেলেও ঐ অবস্থায় তিনি ঠিকঠাক নাম্বারে ফোন দিতে পারতেন কি না সন্দেহ ছিল।
“নিজে থেকে ডায়াল না করেও জরুরি সেবাতে ফোন দিতে পারাটা ছিল সৃষ্টিকর্তা প্রদত্ত” বলেন তিনি।
