২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্বলার হ্যাক, বিক্রি হচ্ছে পাসওয়ার্ড

মাইক্রোব্লগিং সাইট টাম্বলার-এর ৬৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাকের শিকার হয়েছে। অনলাইনে চলছে সাইট ব্যবহারকারীদের ইমেইল এবং পাসওয়ার্ডের বেচাকেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 10:15 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

স্কাই নিউজের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ মে টাম্বলার জানিয়েছে, ২০১৩ সালে তাদের সাইটের নিরাপত্তা ব্যবস্থায় কালো হাত পড়েছে। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের তথ্য খোয়া যাওয়ার বিষয়টি ঘটে। তবে, এই দূর্ঘটনায় ঠিক কতজন ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন তা জানায়নি প্রতিষ্ঠানটি।

'হ্যাভ আই বিন পনড' (এইচআইবিপি) নামের একটি ডেটা হাতিয়ে নেওয়া সম্পর্কিত সচেতনতাবিষয়ক সাইটে বলা হয়েছে, টাম্বলার থেকে ৬,৫৪,৬৯,২৯৮টি ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চুরি গেছে। নিশ্চিত হলে এইচআইবিপি’র মতে এটি হবে নিরাপত্তা ভঙ্গের ঘটনায় তৃতীয় বৃহত্তম হ্যাক। এ বিষয়ে টাম্বলার-এর পক্ষ থেকে কোনো মতামত জানানো হয় নি।

ঘটনার পরে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে ব্যবহারকারীদের পাসওয়ার্ড 'সল্টেড' এবং 'হ্যাশিং' পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছিল। যা পাসওয়ার্ডকে একটি ডিজিটের স্ট্রিং টাইপ-এ পরিণত করে সংরক্ষণ করে।

মাদারবোর্ড নামের এক ওয়েবসাইট তাদের প্রতিবেদনে জানিয়েছে, যাদের তথ্য এখনও হ্যাক হয়নি তাদের কাছে ফিশিং সাইটসমৃদ্ধ স্প্যাম যেতে পারে। এই ইমেইলে তথ্য বিক্রির জন্য বিজ্ঞাপন থাকতে পারে।

অন্যদিকে, 'পিস' নামের একজন হ্যাকার ইতোমধ্যেই সাইটের ডেটাবেইস মাত্র ১৫০ ডলারে বিক্রি করছে বলে প্রতিবেদনে জানিয়েছে মাদারবোর্ড। সাইটটির মতে, দামের মাধ্যমে হ্যাকের পেছনের শ্রমের পরিমাণ ‘অনুমান’ করা যাচ্ছে।

জুন মাসের শুরুতে একই হ্যাকার ১০ কোটিরও বেশি লিংকডইন অ্যাকাউন্টের তথ্য তার নিকটে রয়েছে বলে দাবি করেছিল। এ ছাড়া ৩৬ কোটি মাইস্পেইস ব্যবহারকারীর ইমেইল এবং পাসওয়ার্ডও তার কব্জায় রয়েছে বলে দাবি হ্যাকারের।