২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকবুকে আসছে বড় পরিবর্তন

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পরবর্তী প্রজন্মের প্রোফেশনাল ল্যাপটপ লাইনআপে বড় ধরনের পরিবর্তনের আশা করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। ২০১২ সালে ম্যাকবুক প্রো রেটিনা উন্মোচন করার পর থেকে এ যাবৎ হার্ডওয়্যার উন্নত করা ছাড়া বাহ্যিকভাবে তেমন কোনো পরিবর্তনই করেনি প্রতিষ্ঠানটি। তবে, নতুন ম্যাকবুকে এবার বড় ধরনের পরিবর্তন নিয়ে উঠেছে জোর গুঞ্জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 05:48 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

২০১৫ সালে ম্যাকবুক এয়ার থেকেও পাতলা সম্পূর্ণ নতুন ম্যাকবুক উন্মোচন করে অ্যাপল। কিন্তু প্রোফেশনাল ল্যাপটপে বাহ্যিকভাবে ফোর্স টাচ সংযুক্তকরণ ছাড়া কোনো পরিবর্তনই আনেনি প্রতিষ্ঠানটি। এবার অ্যাপলভক্তদের স্বস্তি দিয়ে ম্যাকবুকে বড় পরিবর্তনের কথা জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার।

অ্যাপলের নতুন পণ্য মানেই নতুন কোনো 'চমক', শেষ কয়েক বছরে অ্যাপলভক্তদের সেই চমক দিতে হয়ত কিছুটা ব্যর্থই হয়েছে প্রতিষ্ঠানটি। তবে, নতুন ম্যাকবুক দিয়ে সেই চমক ফিরিয়ে অ্যানার ব্যাপারে আশাবাদী অ্যাপল বিষয়ক সাইট ৯টু৫ম্যাক।

সাইটটি জানিয়েছে, নতুন ম্যাকবুকে 'ওয়ান-টাচ শর্টকাট' ফিচার যোগ করতে যাচ্ছে অ্যাপল। নতুন ম্যাক কিবোর্ডে নাম্বার লাইনের ঠিক উপরেই একটি টাচ স্ক্রিন যুক্ত করা হতে পারে। সেখানে ফাংশন বাটনগুলোর সঙ্গে ভিন্ন ভিন্ন অ্যাপের জন্য ভিন্ন ভিন্ন শর্টকাট বাটন দেখানো হবে বলেও জানা যায়। যেমন, কেউ যদি ফটোশপ ব্যবহার করে থাকেন, তবে তিনি এই স্ক্রিনটিতে তার প্রয়োজনীয় বিভিন্ন টুল দেখতে পাবেন এবং সেগুলো ব্যবহার করে আরও সহজে ছবি এডিট করতে পারবেন।

নতুন ম্যাকবুকে অ্যাপলের ভয়েস অ্যাসিসটেন্ট সিরি যুক্ত করা হবে এমন গুজবও শোনা গেছে। সেক্ষেত্রে ছোট টাচ স্ক্রিনটিতে সিরি অ্যানিমেশন দেখানো হবে।

এছাড়াও পরবর্তী প্রজন্মের ম্যাকবুকে এমডি পোলারিস গ্রাফিক্স চিপ ব্যবহার করা হতে পারে বলেও জানা গেছে। তবে ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চি ম্যাকে তা ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। 

এর আগে রেজর ব্লেড ল্যাপটপে টাচ স্ক্রিন কিবোর্ড দেখা গেলেও তার তেমন সুবিচার করতে পারেনি প্রতিষ্ঠানটি। এ বছরের শেষ প্রান্তিকে নতুন ম্যাকবুক বাজারে আসার কথা রয়েছে।