টেসলা-স্যামসাং আলোচনায় উন্নতি
মডেল ৩ গাড়ির ব্যাটারি এবং এনার্জি স্টোরেজ পণ্য সরবরাহ সংক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরস-এর সঙ্গে স্যামসাং এসডিআই-এর টেসলা আলোচনায় অগ্রগতি হয়েছে, এমনটাই জানিয়েছে ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি সূত্র।
রয়টার্স জানিয়েছে, টেসলার বর্তমান ব্যাটারি সরবরাহকারী হচ্ছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান প্যানাসনিক কর্পোরেশন। সূত্রটি জানিয়েছে, তারা এখন স্যামসাং এসডিআই-কেও এর সঙ্গে যুক্ত করতে চাচ্ছে। যদিও কোন পর্যায়ের বিক্রয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠনটির জন্য চুক্তিটি সম্পন্ন হবে, তা নিয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ‘তীব্র চাহিদা’ উল্লেখ করে এপ্রিলে জানিয়েছিলেন, ২০১৮ সালের মধ্যে প্রতিষ্ঠানটি মোট গাড়ি উৎপাদন বৃদ্ধি করে পাঁচ লাখে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, যা পূর্বের লক্ষ্যমাত্রা থেকে দুই বছর এগিয়ে নিয়ে আসা হয়েছে। সরবরাহকারীরা অবশ্য লক্ষ্যমাত্রায় পৌঁছানো কঠিন হবে বলেই আভাস দিয়েছেন।
প্রাথমিক মূল্য ৩৫ হাজার মার্কিন ডলারে টেসলা ইতোমধ্যেই মডেল ৩-এর জন্য প্রায় পৌনে চার লাখ গাড়ির অর্ডার গ্রহণ করেছে। ২০১৭ সালের শেষেই তা গ্রাহকের কাছে পৌঁছে যাবে বলে আশা প্রতিষ্ঠানটির।
ওই সূত্রের পক্ষ থেকে বলা হয়, “এটি এখনো দেখার বিষয় যে অর্ডারগুলো সত্যিকারের বিক্রয়ে পরিণত হয় কিনা।” আলোচনার গোপনীয়তা রক্ষার্থে ওই সূত্র পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
স্যামসাং এসডিআই-এর একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
