শূকরেদেহে হবে মানব অগ্নাশয়
মানবদেহে প্রতিস্থাপনের উদ্দেশ্যে শূকরের দেহে অগ্নাশয় উৎপাদনের প্রচেষ্টা চালাচ্ছেন মার্কিন বিজ্ঞানীরা।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-এর একদল বিজ্ঞানী শূকরের ভ্রূণের ডিএনএ-তে মানুষের স্টেম কোষ প্রবেশ করানোর একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। এতে ভ্রূণের দেহে প্রায় সম্পূর্ণই মানবকোষে গঠিত একটি অগ্নাশয় সৃষ্টি হবে বলে আশা করছেন তারা।
শূকরের দেহে মানবদেহের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উৎপাদনের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ রয়েছে এবং এতে অগ্নাশয় ছাড়াও হৃৎপিণ্ড, লিভার, কিডনি, ফুসফুস এবং কর্নিয়া উৎপাদন সম্ভব।
এরই মধ্যে নানা বিপত্তির সম্মুখীন হয়েছে এ ধারণাটি। ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিকেল রিসার্চ এজেন্সি এ গবেষণায় তহবিলের পরিমাণ সীমাবদ্ধ রাখার প্রস্তাব জানায়। প্রতিষ্ঠানটির যুক্তি ছিল, ভ্রূণের শরীরে প্রবেশ করানো মানবকোষ ভ্রূণের মস্তিষ্ক গঠনে প্রভাব ফেলতে পারে, যার ফলে এর মধ্যে মানবসদৃশ আচরণের বিকাশ ঘটতে পারে।
গবেষণার নেতৃত্বে থাকা জীব প্রজননবিদ্যার অধ্যাপক পাবলো রস বলেন, "আমরা আশা করছি যে শূকর ভ্রুণের বিকাশ স্বাভাবিকভাবেই হবে, তবে এর অগ্নাশয়ের প্রায় পুরোটাই মানব কোষ দিয়ে তৈরি হবে এবং মানবদেহে প্রতিস্থাপনের প্রয়োজনে তা ব্যবহার করা যাবে। এক্ষেত্রে মানুষের মস্তিষ্ক সৃষ্টি হওয়ার তেমন একটা আশঙ্কা নেই বলেই আমাদের ধারণা।"
তিনি আরও জানান, মানবদেহে এ অঙ্গগুলো প্রতিস্থাপনে কোনো 'ইমিউনোসাপ্রেসিভ' ওষুধের প্রয়োজন হবে না। এ ওষুধগুলো ব্যবহারের কারণে মানবদেহে ব্যাপক আকারে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
মিরর জানায়, 'কিমেরা' পদ্ধতি নামে প্রচলিত এ প্রক্রিয়াটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার ভালোই সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে, এতে প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন প্রাণী অধিকার রক্ষা কর্মীরা। কম্প্যাশন ইন ওয়ার্ল্ড ফার্মিং নামের একটি সংস্থার পিটার স্টিভেনসন বলেন, "প্রাণীদের ভোগান্তির জন্য নতুন একটি রাস্তা খুঁজে বের করায় আমি উদ্বিগ্ন। এর বদলে শুরুতে আরও বেশি সংখ্যক মানুষকে অঙ্গদানে উৎসাহিত করা উচিত।"
