'ডুম'-এর ভেতর আরেক গেইম
নব্বই দশকের ক্লাসিক ফার্স্ট পার্সন শুটার গেইম 'ডুম'-এর ভেতরে গোটা নতুন একটি মাল্টিপ্লেয়ার গেইমই বানিয়ে ফেলেছেন গেইমটির এক ভক্ত।
গেইমটির প্লেস্টেশন ফোর সংস্করণ রিবুটে 'আর্মিজ অফ হেল: দ্য কোর' নামের এ মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটল অ্যারেনা লেভেলটি বানিয়েছেন গেইম ডেভলাপার প্যাট্রিক রোডার। আর এ কাজটি তিনি করেছেন শুধু কন্ট্রোলার আর গেইমটির ভেতরকার লেভেল ক্রিয়েশন টুল স্ন্যাপম্যাপ ব্যবহার করেই!
ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার জানায়, এ লেভেলটিতে পাঁচটি 'ক্লাসে' বিভক্ত গেইমাররা ভিন্ন ভিন্ন অস্ত্রশস্ত্র এবং অ্যাবিলিটি ব্যবহার করে নিজের দলকে জয়ী করার চেষ্টা করবেন। এক দল হয়তো চেইনগান আর সুপার শটগান নিয়ে যুদ্ধক্ষেত্র দাপিয়ে বেড়াবেন, আর এক দল লং-রেঞ্জ ভর্টেক্স রাইফেল ব্যবহার করে দূর থেকেই শত্রুদের ঘায়েল করবেন। প্রতি ম্যাচে লেভেল আপের সঙ্গে সঙ্গে দলগুলো এক্সপেরিয়েন্স পয়েন্ট পাবে এবং নতুন নতুন সব অ্যাবিলিটি আনলকড হবে। এ ছাড়াও লেভেলের মধ্যেই পাওয়া অর্থ ব্যবহার করে বিভিন্ন আইটেম কেনা যাবে।
'আর্মিজ অফ হেল' লেভেলটির বেটা সংস্করণ গেইমটির স্ন্যাপম্যাপ অংশে পাওয়া যাবে। রোডারের ব্যক্তিগত ওয়েবসাইটে এ লেভেলটির নানা ফিচারের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।
স্ন্যাপম্যাপ টুলটির সাহায্যে প্রি-মেইড রুম পাশাপাশি জুড়ে দিয়ে এবং আইটেম ও শত্রুদের অবস্থান ঠিক করে দিয়ে লেভেল তৈরি করা যায়। এ ছাড়াও শত্রুদের আচরণ ও প্রতি লেভেলে জয়ের জন্য ভিন্ন ভিন্ন শর্ত ঠিক করে দিতে পারবেন গেইমাররা। 'ডুম' ভক্তরা তাই চেষ্টা করে দেখতেই পারেন 'আর্মিজ অফ হেল'-এর মতোই অসাধারণ কিছু সৃষ্টি করে ফেলতে!
