শেয়ারবাজারে বিনিয়োগ শেখাবে গেইম
শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে অনেকের কাছেই শুনেছেন, কিন্তু নিজে জানেন না শেয়ারবাজার আসলে কীভাবে কাজ করে? বিনিয়োগের ইচ্ছা আছে কিন্তু ঠিকভাবে না জানার কারণে সাহস পাচ্ছেন না। এমন অনেকের জন্য এখন সমাধান হতে পারে তাদের হাতে থাকা স্মার্টফোন।
ভারতের কোচি-তে অবস্থিত হেজ স্কুল অফ অ্যাপ্লাইড ইকোনমিকস-এর সহযোগিতায় গেইম নির্মাতা প্রতিষ্ঠান সি শার্ক একটি অ্যাপ বানিয়েছে। ‘তরো ই অরসো’ নামের এই অ্যাপটি প্রকাশ করেছে সেখানকার ‘শীর্ষস্থানীয়’ একটি আর্থিক সেবাদাত প্রতিষ্ঠান হেজ ইকুইটিজ, জানিয়েছে আইএএনএস। অ্যাপটির নামকরণ হয়েছে ইতালীয় ভাষায়, যার মানে দাঁড়ায় বাঘ ও ভাল্লুক।
হেজ ইকুইটিজ-এর ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স কে. বাবু জানান, তরূণরা যেহেতু গেইমের মাধ্যমে সহজে শিখতে পারে, সেহেতু শেয়ার ব্যবসা শেখাতে অ্যাপ এবং গেইম সর্বোত্তম পন্থা।
তিনি বলেন, “অ্যান্ড্রয়েডভিত্তিক এই গেইমটি সিঙ্গল প্লেয়ার গেইম হিসেবে বের করা হয়েছে। এর তিনটি লেভেল আছে- বিগিনার, অ্যামেচার আর প্রফেশনাল। বিগিনার লেভেলে আছে ১০টি রাউন্ড, আর অ্যামেচার ও প্রফেশনাল লেভেলে আছে যথাক্রমে ২০ ও ৪০টি রাউন্ড।”
গেইমের শুরুতে খেলোয়াড়কে ভার্চুয়াল মুদ্রায় পাঁচ হাজার রূপি দেওয়া হবে, যা ১০টি খাতের যে কোনো একটিতে বিনিয়োগের জন্য ব্যবহার করা যাবে। এই ১০টি খাত হচ্ছে- তেল ও গ্যাস, টেলিকম, এফএমসিজি বা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, অটোমোবাইল, রিয়ালিটি, ফার্মা, পাওয়ার, আইটি, মেটাল আর ব্যাংকিং।
এই খাতগুলোকে ঘূর্ণায়মান একটি চাকার মাধ্যমে চিহ্নিত করা আছে। চাকা ঘুরবে আর ‘চান্স কার্ড’ দেখানো হবে। এটি এমন একটি প্রভাব ইঙ্গিত করবে, যা যে কোনো খাতে ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো চান্স কার্ডে যদি ‘কম বৃষ্টি’ দেখানো হয়, এর মানে হচ্ছে এর ফলে এফএমসিজি খাতে বিনিয়োগকারী শত পয়েন্ট হারাতে পারেন।
প্রতিটি চান্স কার্ড যাওয়ার পর স্কোর দেখানো হবে আর প্রতি লেভেল শেষে একটি ম্যাক্রো কার্ড দেখানো হবে। ম্যাক্রো কার্ডে একসঙ্গে ১০টি খাত আর মিউচুয়াল ফান্ডে কী প্রভাব পড়েছে তা দেখানো হবে।
পোর্টফোলিও আর স্কোর বিশ্লেষনের মাধ্যমে গেইমটিতে খেলোয়াড় তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।
