২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিং ঝুঁকিতে মিসুবুসি’র আউটল্যান্ডার

জাপানি অটোনির্মাতা প্রতিষ্ঠান মিসুবুসি’র (বাংলাদেশে ‘মিৎেসুবিশি’ নামেই বেশি পরিচিত) আউটল্যান্ডার হাইব্রিড গাড়ির নিরাপত্তা অ্যালার্মের ওয়াইফাই সুবিধা ব্যবহার করে, তা অচল করে দিতে সক্ষম হয়েছেন একদল নিরাপত্তা গবেষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 10:03 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, নিরাপত্তা জালের এই ত্রুটি ব্যবহার করে চোরেরা নিঃশব্দে নিজেদের কাজ করে গাড়ি নিয়ে চম্পট দিতে পারবে। এই ত্রুটির কারণে অ্যালার্ম ব্যবস্থার পাশাপাশি গাড়ির চলার জন্য সঞ্চিত বৈদ্যুতিক চার্জের পরিমাণও কমিয়ে দেওয়া যায়।

নিরাপত্তা বিশেষজ্ঞ কেন মুনরো জানান, একদিন তিনি তার বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার সময় অপেক্ষা করছিলেন। এমন সময় তিনি ফোনে অস্বাভাবিক একটি ওয়াইফাই অ্যাকসেস পয়েন্ট খুঁজে পান। তিনি বুঝতে পারেন সিগনালটি আসছিল কাছেই রাখা তার এক বন্ধুর মিসুবুসি আউটল্যান্ডার থেকে। বন্ধুটি পরে তাকে গাড়ির সঙ্গে পাওয়া অ্যাপটি দেখিয়ে ব্যাখ্যা করেন কীভাবে এর মাধ্যমে গাড়ির কিছু কিছু জিনিস নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিবিসিকে মুনরো বলেন, “প্রথমে হালকাভাবে নিলেও জলদিই বুঝতে পারি এখানে নিরাপত্তাজনিত ত্রুটি রয়েছে।” তিনি তখন নিজেই একটি আউটল্যান্ডার কিনেন এবং এটি কীভাবে অ্যাপের মাধ্যমে চালকের সঙ্গে যোগাযোগ করে তার উপরে গবেষণা শুরু করেন।

অনেক গাড়ি প্রস্তুতকারীই তাদের ব্যবহারকারীদেরকে দূর থেকে গাড়ি বন্ধ কিংবা নিয়ন্ত্রণ করার সুবিধা দিয়ে থাকে। সেক্ষেত্রে ব্যবহারকারী এবং তার গাড়ি উভয়কেই একটি মধ্যবর্তী সার্ভার ব্যবহার করতে হয়। কিন্তু মিসুবুসি চেয়েছে তাদের ব্যবহারকারীরা গাড়ির নিজস্ব ওয়াইফাই ব্যবহার করেই গাড়ি নিয়ন্ত্রণ করুক। কিন্তু দুর্ভাগ্যবশত এই ওয়াইফাই স্থাপনের পদ্ধতিতে মারাত্মক ত্রুটি খুঁজে পান মুনরো।

মুনরো বলেন, গাড়িটির অ্যাকসেস পয়েন্ট নামের যে ফরম্যাট ব্যবহার করা হয়েছে তা অন্যান্য সাধারণের থেকে আলাদা। এর মাধ্যমে গাড়ির অবস্থান সম্পর্কিত তথ্য পাওয়া যায়। এই পদ্ধতি প্রয়োগ করে মুনরো কিছু গাড়ি চলন্ত অবস্থায় চিহ্নিত করেন এবং কিছু পার্ক করা অবস্থায় খুঁজে পান। মুনরোর মতে, এভাবে কোনো হ্যাকার চাইলেই তার ইচ্ছামতো যে কোনো গাড়ির অবস্থান জেনে যেতে পারবে।

মুনরো এবং তার সহকর্মীরা ব্যবহারকারী এবং গাড়ীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে ডেটা আদানপ্রদানের উপর দৃষ্টি রাখছিলেন। গবেষক দলটি অ্যাকসেস পয়েন্ট ব্যবহার করে গাড়িতে দেওয়া কমান্ডগুলো পুনরায় প্রেরণ করতে পেরেছে। তারা গাড়ির লাইট জ্বালিয়েছে, বন্ধ করেছে এবং চার্জিং সেটিং ব্যবহার করে ব্যাটারির অপব্যবহার ঘটাতে সক্ষম হয়েছে।

মুনরো জানান তিনি চমকে গেছেন, কারণ কমান্ড পুনরাবৃত্তির মাধ্যমে তিনি গাড়ির অ্যালার্মও বন্ধ করতে সক্ষম হয়েছেন। কোনো চোর যখন গাড়ির অ্যালার্ম ব্যবস্থা অচল করতে পারবে, তখন তার হাতে গাড়িটি চুরি করার জন্য যথেষ্ট সময় থাকবে।

তদন্ত চলাকালীন মিসুবুসির পক্ষ থেকে আপাতত তাদের ক্রেতাদেরকে গাড়ির ওয়াইফাই সুবিধা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।